ETV Bharat / state

ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে ৷ বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরের জেলাগুলিরও ৷

rain in bengal
ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে বৃষ্টি চলবে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 10, 2025 at 7:29 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি ৷ তিন ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আজকের আবহাওয়ার পূর্বাভাস

বুধবার দিনের আকাশ মূলত মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 28 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান

মৌসুমী অক্ষরেখা দক্ষিণ-পূর্ব পাকিস্তান, যোধপুর, দেওমালি, ছপরা, পুরুলিয়া ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বায়ু মণ্ডলের উপরিস্তরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ৷ সেটি দক্ষিণ দিকে হেলে রয়েছে।

অন্যদিকে, পূর্ব বিহার ও পার্শ্ববর্তী অঞ্চলের 3.1 কিমি উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সবের যোগফলে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদ যাবে না দক্ষিণবঙ্গও। তবে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে । এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। উপরের বাকি তিনটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং শনিবার উপরের পাঁচ জেলার চারটিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89 এবং সর্বনিম্ন 70 শতাংশ।