ETV Bharat / state

ভাঙড়ে কাঁটাতার দিয়ে জবরদখলের চেষ্টা তৃণমূলের ! মুন্ডু কেটে নিলেও জমি ছাড়ব না, হুঁশিয়ারি কৃষকদের

ভাঙড়ে জমি জোরপূর্বক দখল করে নেওয়া ও কাঁটাতার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ৷

Land movement in Bhangar
ভাঙড়ে আন্দোলন কৃষকদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 6:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ভাঙড়, 3 অগস্ট: মুন্ডু কেটে নিলেও জমি ছাড়ব না ৷ এবার জমি মাফিয়াদের এই ভাষায় হুঁশিয়ারি দিলেন ভাঙড়ে আন্দোলনরত কৃষকরা ৷ রবিবার লেদার কম্পলেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জমি দিতে অনিচ্ছুক চাষিরা ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি আরিশ বিলাল বলেন, "আন্দোলনকারীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে ।"

মূলত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের লেদার কম্পলেক্স থানা এলাকার তাড়দহ কাপাসাইট মৌজায় 'পুঁটি বাবুর' ঘেরি বলে পরিচিত তিনশো বিঘার অধিক জমি ৷ কৃষকদের এই জমি জোরপূর্বক দখল করে নেওয়া ও কাঁটাতার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে এক কোম্পানির বিরুদ্ধে । এর প্রতিবাদ করতে জমিতে গেলে স্থানীয় তৃণমূল নেতা তথা তাড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রাকেশ রায় চৌধুরী মাস্তান বাহিনী কৃষকদের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে ৷

ভাঙড়ে মাফিয়াদের হুঁশিয়ারি আন্দোলনরত কৃষকদের (ইটিভি ভারত)

এর বিরুদ্ধে গর্জে ওঠেন ভাঙড়ের চাষিরা ৷ লাগাতার জমি আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের নিয়ে ইতিমধ্যে লেদার কম্পলেক্স থানায় কয়েক দফা বৈঠক হয় । কিন্তু বৈঠক নিস্ফলা বলে কৃষকরা জানান । তারপর ফের রবিবার তাঁরা থানার দ্বারস্থ হন ৷ এই বিষয়ে কৃষক কমল মণ্ডল বলেন, "আমাদের থানায় ডেকে বলা হয়েছে জমির জন্য একটা টাকা ধার্য্য করা হচ্ছে । কত কী দেবে এখনও বলেনি । কিন্তু আমরা জমি বিক্রি করব না ।" আরেক কৃষক ভিলে নস্কর বলেন, "মাস্তান বাহিনী আমাদের হুমকি দিয়ে বলেছে হাত কেটে নেব । কিন্তু আমাদের মুণ্ড কেটে নিলেও জমি ছাড়ছি না ।"

Land movement in Bhangar
ভাঙড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ (নিজস্ব ছবি)

এই ঘটনায় সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন, "তৃণমূলের শাসনকালে জমি দখল এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । সম্পূর্ণ পুলিশি সহায়তায় বিঘার পর বিঘা কৃষিজমি তৃণমূল নেতারা দখল করছেন । ভাঙড়ে সাধারণ কৃষকরা অসহায়ভাবে তাদের জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা অবস্থায় দেখছিলেন ৷ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং উপ-প্রধানরা দখল করেছিলেন জমিগুলি । পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র কম, তৃণমূলের ব্যক্তিগত সম্পত্তি বেশি দেখা যাচ্ছে । আর এর চেয়ে আরও বড় বিপদ কিছু হতে পারে ? তৃণমূল বাঙালি হিন্দুদের জমি, অধিকার এবং কণ্ঠস্বর কেড়ে নিচ্ছে ৷ বাংলাকে বিপজ্জনকভাবে 'বৃহত্তর বাংলাদেশ' করার দিকে ঠেলে দিচ্ছে ।"

Land movement in Bhangar
সুকান্ত মজুমদারের পোস্ট (ছবি সূত্র-সোশাল মিডিয়া)

সুকান্ত মজুমদারের পাশাপাশি আন্দোলনরত এই কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি রক্ষা কমিটি । প্রশ্ন উঠছে, কৃষকদের পাট্টার জমি যা রাজ‍্যপালের অনুমতি ক্রমে কৃষকদের দেওয়া হয়, এমনকি তা হস্তান্তর যোগ্য নয় বলে পাট্টায় উল্লেখ আছে । সেই জমি কোম্পানির হাতে হস্তান্তর হচ্ছে কীভাবে ? এর পাশাপাশি তাড়দহ কাপাসাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমির অন্তর্ভুক্ত ।