ওবিসি-জটিলতা কাটিয়ে প্রেসিডেন্সির স্নাতকে প্রবেশিকার ফলপ্রকাশের দিন ঘোষণা
পাবডেট পরীক্ষার দেড়মাস পর ফলপ্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ 5 অগস্টের মধ্যে সাইটে আপডেট করতে হবে জাতি শংসাপত্র ৷

Published : August 3, 2025 at 4:24 PM IST
কলকাতা, 3 অগস্ট: সব জটিলতার অবসান ৷ অবশেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করল কর্তৃপক্ষ ৷ আগামী 9 অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার ফলপ্রকাশ হবে ৷ রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷
কোথায় কীভাবে ফলাফল জানা যাবে, তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে জেইই কর্তৃপক্ষ ৷ সেখান বলা হয়েছে, www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ওয়েবসাইট দু'টিতে পরীক্ষার ফলাফল জানা যাবে ৷ গত 22 জুন প্রেসিডেন্সির স্নাতকে ভর্তির প্রবেশিকা (পাবডেট) পরীক্ষা হয়েছিল ৷ তারপর প্রায় দেড়মাস সময় পেরিয়ে গেলেও, ফলপ্রকাশের দিন ঘোষণা করা হয়নি ৷ অবশেষে সেই প্রতীক্ষার অবসান হচ্ছে ৷ 9 অগস্ট ফলপ্রকাশের পর, তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷

ওবিসি সংরক্ষণ নীতির জটিলতার কারণে ফলপ্রকাশে দেরি হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট ৷ তারপরেই গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷
সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের বলা হয়েছিল, আগামী তিন থেকে পাঁচ অগস্ট মধ্যরাত পর্যন্ত পড়ুয়ারা নিজেদের জাতিগত শংসাপত্র পোর্টালে সংযোজন করতে পারবে ৷ তারপরেই ফলাফল প্রকাশ করা হবে ৷ সেই মতো আগামী 9 অগস্ট, শনিবার ফলাফল প্রকাশ করা হবে ৷
উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার আন্দোলন চালাচ্ছে এসএফআই ৷ সেখানে এ দিন বোর্ডের এই বিজ্ঞপ্তি তাদের আংশিক জয় বলেই মনে করছে প্রেসিডেন্সির এসএফআইয়ের সংগঠনের নেতৃত্ব ৷
তবে, আংশিক জয় হলেও এখনই তাদের আন্দোলন উঠছে না ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের তরফে জানানো হয়েছে, "প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট অবস্থানে বসেছিল গত 31 জুলাই ৷ অবস্থান চলছে 72 ঘণ্টা ৷ মূলত দু’টি বিষয়কে কেন্দ্র করে এই অবস্থান বিক্ষোভ ৷ আন্দোলনের আংশিক জয় হলেও, যতক্ষণ না-আমরা স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে অর্থাৎ, PUMDET পরীক্ষা নিয়ে কোনও অফিসিয়াল নোটিশ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন ও অবস্থান চালিয়ে যাব ৷"

