ETV Bharat / state

বিধানসভা ভোটের আগেই বাংলা-সহ সারা দেশে ফের ওয়াকফ আন্দোলনের প্রস্তুতি

শুক্রবার কলকাতার ইরফান লাইব্রেরিতে এক সাংবাদিক বৈঠক হয়৷ সেখানেই আন্দোলনের প্রস্তুতির কথা জানান অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের নির্বাহী সদস্য আবু তালিব রহমানি৷

WAQF MOVEMENT
ওয়াকফ আন্দোলনের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক৷ শুক্রবার কলকাতায়৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 7:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে আরও একবার ওয়াকফ বাঁচাও আন্দোলন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ শুক্রবার কলকাতার ইরফান লাইব্রেরিতে সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের নির্বাহী সদস্য আবু তালিব রহমানি৷ তিনি এদিন জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে ওয়াকফ বাঁচাও আন্দোলন ফের নতুন করে শুরু করার প্রস্তুতি চলছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে কলকাতার সমস্ত মুসলিম ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷

আবু তালিব রহমানি এদিন বলেন, “চলতি সপ্তাহ থেকেই বৃহৎ পরিসরে ফের ওয়াকফ বাঁচাও আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 11 অক্টোবর দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে ধরনা আন্দোলন করা হবে৷ এই ধরনায় সারা দেশের মুসলিম ল বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন৷ বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্যরাও সেখানে থাকবেন৷’’

তিনি আরও বলেন, ‘‘12 অক্টোবর বোর্ডের এগজিকিউটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ সেই বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই সমাধানের পথ খোঁজা হবে৷ ওয়াকফ সম্পত্তির দখলদারি রুখতে এবং এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সরকার উমিদ পোর্টাল চালু করেছে৷ কিন্তু এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল৷ আমাদের কাছে খবর আছে, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে সরকারি অফিসার থেকে শুরু করে অনেক শিক্ষিত ব্যক্তিও হিমশিম খাচ্ছেন৷’’

আবু তালিব রহমানি বলেন, ‘‘বিষয়টি আমরা লিখিতভাবে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি৷ এই সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন৷ এই বিষয়ে মুসলিম পার্সোনাল বোর্ড কী সিদ্ধান্ত নিচ্ছে, সেটা 12 অক্টোবরের বৈঠকের পরেই ঘোষণা করা হবে৷”

এআইএমপিএলবি-র এই সদস্য আরও বলেন, “উমিদ পোর্টালে রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী 5 ডিসেম্বর৷ সবাই জানে, সারা দেশে ওয়াকফ সম্পত্তির সংখ্যা প্রায় ছ’লাখ৷ এর মধ্যে অনেক সম্পত্তি কয়েকশো বছরের পুরোনো৷ এর মধ্যে দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে আগ্রার তাজমহলও রয়েছে৷ এত পুরোনো সব সম্পত্তির নথিপত্র জোগাড় করা কার্যত অসম্ভব৷ এত অল্প সময়ে কিছুতেই সম্ভব নয়৷ এতে হয়তো রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে, কিন্তু আসল সমস্যার সমাধান হবে না৷ এর জন্য দু’বছর সময়ও কম পড়বে৷ তাই সরকারের কাছে আমাদের আবেদন, এই বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হোক৷”

আরও পড়ুন -

  1. ওয়াকফ হিংসায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের কবে টাকা কবে দেবে রাজ্য ? প্রশ্ন হাইকোর্টের
  2. সম্পূর্ণ ওয়াকফ আইন স্থগিত করার কোনও যুক্তি নেই, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
  3. রতুয়ায় ওয়াকফ সম্পত্তি দখল জমি মাফিয়াদের, নেপথ্যে তৃণমূল ! বিস্ফোরক বিধায়ক সমর