ETV Bharat / state

দেখতে একেবারে আসলের মতো, 200 টাকার ‘পাকিস্তানি’ জালনোট দেখে চিন্তায় পুলিশ

সম্প্রতি মালদায় উদ্ধার হয় 500টি 200 টাকার জালনোট ৷ যা দেখতে একেবারে আসলের মতো, এমনটাই বলছে পুলিশ ৷

Fake Currency
200 টাকার ‘পাকিস্তানি’ জালনোট দেখে চিন্তায় পুলিশ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 1, 2025 at 7:00 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 1 অগস্ট: দেখতে একেবারে হুবহু৷ চেনাই যাবে না কোনটা আসল, আর কোনটা নকল ৷ 200 টাকার এমনই জালনোটের হদিশ মিলেছে মালদায় ৷ জেলা পুলিশের সূত্র থেকে অন্তত তেমনই খবর পাওয়া যাচ্ছে ৷ ফলে চিন্তা বাড়ছে পুলিশের ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাকিস্তান থেকে আসছে এই জাল নোট ৷ বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে ৷

তাছাড়া জালনোটের পাচার নিয়েও পুলিশের উদ্বেগ বেড়েছে ৷ জালনোটের কারবারীদের নয়া ছকই এই উদ্বেগের মূল কারণ ৷ কী সেই ছক ? পুলিশ সূত্রে খবর, এখন মহিলাদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা ৷ অনেক ক্ষেত্রে পুলিশের পক্ষেও বোঝা কঠিন হয়ে যাচ্ছে ৷

Fake Currency
উদ্ধার হওয়া জালনোট৷ (নিজস্ব ছবি)

মালদায় জালনোটের কারবার

জেলার পুলিশ মহল বলছে যে মালদায় জালনোটের কারবার নতুন নয় ৷ তবে ধরপাকড়ের জেরে মাঝে কিছুদিন এই চক্রের সঙ্গে জড়িতরা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল ৷ তবে ফের আড়মোড়া ভাঙছে জালনোটের কারবারিরা ৷ বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের তাদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে ৷ দু’দিন আগেই জালনোটের ছয় কারবারি বমাল পুলিশের হাতে ধরা পড়েছে ৷ তার কয়েকদিন আগেও জাল নোট-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দিনদশেক আগে বৈষ্ণবনগরের ইন্দো-বাংলা সীমান্ত থেকে উদ্ধার হয়েছে জালনোটের প্যাকেট ৷ সেক্ষেত্রে অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি ৷

তবে সাম্প্রতিক সময়ে একের পর এক জাল নোট উদ্ধারের বিষয়টি ভাবিয়ে তুলছে পুলিশকে ৷ পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ইতিমধ্যে জেলা পুলিশ নিজেদের পুরনো সোর্সকে ফের জাগিয়ে তুলতে শুরু করেছে ৷ সোর্সরাও নিজেদের চোখ-কান খুলে রেখেছে ৷

আসল-নকল চেনা দায়

এই মুহূর্তে পুলিশের গোয়েন্দাদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে 200 টাকা অর্থমূল্যের জালনোটের বিষয়টি ৷ এর আগে এই জেলায় 200 টাকা অর্থমূল্যের জালনোট দেখা যায়নি ৷ দু’দিন আগে দুই মহিলার কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া 500টি 200 টাকা অর্থমূল্যের জাল নোট বাজেয়াপ্ত করা হয় ৷ সেই জাল নোট খতিয়ে দেখে হতবাক গোয়েন্দারা ৷

তাঁরা জানিয়েছেন, পুরোপুরি আসল নোটের মতো দেখতে ৷ আসলের সঙ্গে খুব সামান্য ফারাক ৷ বিচক্ষণ ছাড়া কেউ সেই নোট দেখে আসল নাকি নকল, বুঝতে পারবেন না ৷ সেই জাল নোটের কাগজও বেশ উন্নত ৷ গোয়েন্দাদের একাংশের অনুমান, ওই কাগজ পাকিস্তানের কোয়েটা থেকে আমদানি করা হয়ে থাকতে পারে ৷ যদি গোয়েন্দাদের আশঙ্কা সত্যি হয় তবে আগামিদিনগুলিতে এই জালনোট নিয়ে নাজেহাল হতে পারেন আমজনতা ৷

জালনোট পাচারের নতুন ছক

জালনোটের চক্রীদের পাচার নিয়ে নতুন ছকই পুলিশের চিন্তার অন্যতম কারণ ৷ এই ছকে সামনের সারিতে এগিয়ে এসেছেন মহিলারা ৷ মূলত, গ্রামগঞ্জের গরিব বধূদের মোটা টাকা কমিশনের লোভ দেখিয়ে তাঁদের ক্যারিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে এই চক্রের মাথারা ৷

জেলা পুলিশের এক কর্তার কথায়, পুরুষদের তুলনায় মহিলারা জালনোটের ক্যারিয়ার হিসাবে কারবারিদের কাছে চিরদিনই অনেক বেশি নির্ভরযোগ্য ৷ এর আগেও কলেজ ছাত্রী থেকে শুরু করে বধূরা জালনোট পাচার করতে গিয়ে ধরা পড়েছেন ৷ তবে সেই ঘটনা ছিল নেহাতই হাতেগোনা ৷ কারণ, গরিব ঘরের বধূদের অধিকাংশ এই ব্যবসা এড়িয়ে যেতেন ৷

Fake Currency
উদ্ধার হওয়া জালনোট ও ধৃতদের নিয়ে পুলিশ (নিজস্ব ছবি)

কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে ৷ এখন বেশিরভাগ জায়গায় মহিলাদেরই ক্যারিয়ার করছে জালনোটের কারবারিরা ৷ পোশাকের আড়ালে কিংবা সন্তানসম্ভবার ছদ্মবেশে তাঁরা জালনোট এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে পৌঁছে দিচ্ছেন ৷ এখন মহিলারাও ঝুঁকি নিতে আর পিছিয়ে যাচ্ছেন না ৷ কারণ, জালনোট সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দিলেই তাঁরা মোটা অংকের কমিশন পাচ্ছেন ৷ অভাবের সংসারে সেই কমিশন বড় হয়ে দেখা দিচ্ছে ৷

কারবারিদের আরও একটি নয়া ছক, মালদা ছাড়াও অন্য জেলার ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে এদেশে জাল নোট ঢোকানো ৷ বর্তমানে দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ দিয়েও এদেশে ঢুকছে জালনোট ৷ সেই নোট কালিয়াচকে আসছে ৷ সেখান থেকে পৌঁছে যাচ্ছে গোটা দেশে ৷

কী বলছেন পুলিশ সুপার ?

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “আদালতের অনুমতিক্রমে ওই দুই মহিলাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে ৷ জেরা চলছে তাঁদের চার সহযোগীদেরও ৷ আমরা এই চক্রের শিকড়ের সন্ধান পেতে চাইছি ৷ এছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই ৷”

আরও পড়ুন -

  1. 39 হাজার জালনোট-সহ এসটিএফের জালে সিভিক ভলান্টিয়ার
  2. ফের আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ, জালনোট-সহ এসটিএফের জালে বিহারের 2