ETV Bharat / state

কংগ্রেসের ইফতার পার্টিতে সম্মতি দিচ্ছে না পুলিশ, হাইকোর্টে মামলার অনুমতি বিচারপতির

প্রদেশ কংগ্রেসের ইফতার পার্টিতে না পুলিশের ৷ প্রথমে ইফতারের অনুমতি দিলেও পরে তা বাতিল করা হয় ৷ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হাত শিবির ৷

CAL HC ON IFTAR PARTY
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 12:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: প্রদেশ কংগ্রেসের ইফতার পার্টিতে অনুমতি দিচ্ছে না পুলিশ। ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান শামীম আখতার ওই ইফতার পার্টির আহ্বান জানান। অভিযোগ, কলকাতা পুলিশের তরফে প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে সেই অনুমোদন বাতিল করা হয় ৷ দু'বার অনুমতি চেয়েও মেলেনি অনুমোদন ৷ তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ মামলার অনুমতি দিল আদালত ৷

জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনের সামনে গত 9 মার্চ ওই ইফতার পার্টি করার অনুমতি চাওয়া হয় ৷ সেজন্য কলকাতা পুলিশের কাছে 22 ফেব্রুয়ারি আবেদনও জানানো হয়। অভিযোগ, কলকাতা পুলিশের তরফে প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে সেই অনুমোদন বাতিল করা হয় ৷ তাই 9 মার্চ ওই অনুষ্ঠান করা যায়নি। ফের 23 মার্চ এই অনুষ্ঠান করতে চাইলে, তাতেও পুলিশ অনুমতি না-দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানানো হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বুধবার অনুমতি দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে । এদিকে, সোমবার ফুরফুরা শরীফে ইফতার করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মঞ্চ থেকে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি ৷ সেখানে তিনি বলেছিলেন, আমি সব ধর্মের অনুষ্ঠানেই যাই। মঙ্গলবার পার্ক সার্কাসে ইফতার পার্টিতেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ ছিলেন তৃণমূলের একাধিক মন্ত্রী থেকে নেতারাও ৷

CAL HC ON IFTAR PARTY
ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

এদিনের ইফতারে দেখা যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং বাবুল সুপ্রিয়কে ৷ ছিলেন ইমামে ইরায়ই কারী ফজলুল রহমান, নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী । এরপরই রাজনৈতিক মহলের প্রশ্ন, তৃণমূল সুপ্রিমো থেকে নেতা-নেত্রীরা যদি ইফতারে যেতে পারেন তাহলে প্রদেশ কংগ্রেস নয় কেন ?