আর হাতির ভয় নয়, বাঁকুড়ার জঙ্গলঘেরা প্রত্যন্ত গ্রামে পুলিশ ক্যাম্প
বুনো হাতির ভয়কে উপেক্ষা করে আগে গ্রামবাসীদের পাড়ি দিতে হত প্রায় 25 কিলোমিটার দূরের সোনামুখী থানায়। এবার সেই দুরবস্থার অবসান ঘটল।

Published : September 10, 2025 at 7:18 PM IST
বাঁকুড়া, 10 সেপ্টেম্বর: ঘন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম পাঁচাল ৷ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের এই গ্রাম প্রতি বছরই বুনো হাতির দাপটে আতঙ্কিত থাকে ৷ গ্রাম ঘিরে রাখে হাতির দল, মাঝে মধ্যেই ঘটে প্রাণহানির ঘটনা ৷ ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ এর মাঝে কোনও ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ হতে হয় গ্রামবাসীদের ৷ সেই সমস্যা সমাধানে এবার পাঁচাল গ্রামে চালু হল স্থায়ী পুলিশ ক্যাম্প ৷
এতদিন গ্রামবাসীদের পাড়ি দিতে হত প্রায় 25 কিলোমিটার দূরের সোনামুখী থানায়। শুধু তাই নয়, থানায় যাওয়ার পথও ছিল ভয়ঙ্কর ৷ ঘন জঙ্গলে হাতির আক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে স্থানীয় বাসিন্দাদের থানায় যেতেই হত অভিযোগ জানাতে ৷ এমন দুরবস্থার অবসান ঘটল অবশেষে ৷ গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে পাঁচাল গ্রামে আনুষ্ঠানিকভাবে চালু হল পুলিশ ক্যাম্প। মঙ্গলবার এই ক্যাম্পের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, বিষ্ণুপুর মহকুমা আরক্ষাধক্ষ্য সুপ্রকাশ দাস-সহ জেলা পুলিশের একাধিক আধিকারিক।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, “এই পুলিশ ক্যাম্প থেকেই গ্রামবাসীরা এখন তাদের অভিযোগ লিখিত আকারে জানাতে পারবেন। আগে অনেক অপরাধ আমাদের অগোচরেই থেকে যেত ৷ এখন থেকে তা আর হবে না। মানুষ পুলিশের সহযোগিতা সরাসরি পাবেন।”
এক গ্রামবাসী জানান, আগে কোনও সমস্যা হলে নাওয়াখাওয়া সব ছেড়ে সুদূর 25 কিলোমিটার পথ পাড়ি দিতে হত। এক সময় যোগাযোগ ব্যবস্থা উন্নত না-থাকার জন্য সাইকেলে করেও অনেক লোককে যেতে হয়েছে । এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানায় অভিযোগ জানাতে যাওয়াটা ছিল দুঃসাধ্য ব্যাপার। এখন তার থেকে মুক্তি পেয়ে গ্রামবাসীরা খুশি।
এই খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার পাঁচালে গ্রামে । গ্রামবাসীরা জানাচ্ছে, দুর্গাপুজোর আগে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। আগে তাদের বহু অভিযোগ অভিযোগ থেকে যেত ৷ এখন গ্রামেই পুলিশ ক্যাম্প থাকায় বাসিন্দারা অনেকটাই নিশ্চিন্ত ৷ অভিযোগ করার পথ সহজ হল। এবার এলাকার বিভিন্ন সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তারা।
প্রশাসনের দাবি, ক্যাম্প চালুর ফলে গ্রামে আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও সহজ হবে। স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়লে অপরাধ দমনেও সুবিধা হবে ৷ একইসঙ্গে গ্রামবাসীরা নিজেদের নিরাপদ মনে করবেন । ঘন সবুজ বনানীতে ঢাকা বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামের মানুষজনের সমস্যা সমাধান এখন হাতের মুঠোয়।

