ETV Bharat / state

সীমান্তে দালাল চক্র ! টাকা দিয়ে ভারতে ঢুকে গ্রেফতার দুই রোহিঙ্গা

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল দুই রোহিঙ্গা ৷ তার জন্য় দালালকে কয়েক হাজার টাকাও দিয়েছিল ৷ পরে পুলিশের হাতে গ্রেফতার হয় তারা ৷

Two Rohingyas arrested for illegally entering into India
বাংলাদেশ থেকে ভারতে ঢুকে গ্রেফতার দুই রোহিঙ্গা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 9:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 9 মার্চ: দালালকে টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার হল দুই রোহিঙ্গা ৷ রবিবার সকালে কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানা এলাকায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের নাম মহঃ রিদওয়ার (24) ও ফরমিনা আক্তার (27) ৷ তারা দু'জনে নিজেকে স্বামী-স্ত্রী বলে দাবি করেছে ৷

দালালকে টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে বলে অভিযোগ ৷ সেখান থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগে দুই রোহিঙ্গা পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় ৷ বর্তমানে কুচলিবাড়ি থানায় রয়েছে তারা ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে ৷

এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার ড. সন্দীপ গড়াই বলেন, "সীমান্ত টপকে ধাপড়া বাজার থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ৷ সেই সময় পুলিশ গ্রেফতার করে ৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷"

এদিন সকালে মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানা এলাকার ধাপড়াহাটে মহঃ রিদওয়ার ও ফারমিনা আক্তারকে গ্রেফতার করা হয় ৷ পুলিশি জেরায় তারা জানিয়েছে, তারা বাংলাদেশের কক্সবাজারের 22 নম্বর ক্যাম্পের বাসিন্দা ৷ সম্পর্কে তারা স্বামী-স্ত্রী ৷ নেপালে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে ভারতে প্রবেশ করেছিল ৷

এর জন্য বাংলাদেশের এক দালালকে 40 হাজার টাকা দিয়েছিল দুই রোহিঙ্গা । সেই দালালের মারফত রবিবার ভোররাতে ভারতে প্রবেশ করে শিলিগুড়ির গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিল রিদওয়ার ও ফারমিনা ৷ সেই সময় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ পরে গ্রেফতার করা হয় ৷ মেখলিগঞ্জ থানায় বসে মহঃ রিদওয়ার জানায়, নেপাল যাবে বলে দালাল মারফত এখানে এসেছিল ৷ যদিও তার বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ ৷

কোচবিহারের তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 400 কিলোমিটার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৷ দীর্ঘ এই সীমান্তের অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে ৷ কিন্তু নদী ও সীমানাগত সমস্যার কারণে কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ আর ওইসব এলাকা দিয়ে পাচার চালায় পাচারকারীরা ৷ স্থানীয় সূত্রে খবর, জিনিসপত্রের পাশাপাশি দালাল ধরে টাকার বিনিময়ে মানুষ পাচারের কারবার চলে এই এলাকা দিয়ে ৷ অপরাধীরা মাঝেমধ্যে ধরা পড়ে বিএসএফের হাতে ৷