ETV Bharat / state

কৃষ্ণনগরে সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ! গ্রেফতার তৃণমূল নেতা শিবনাথ

কৃষ্ণনগরে একটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকার সময় কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে প্রবীণ তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে ৷ সেই ঘটনাতেই গ্রেফতার হলেন তিনি।

TMC Leader Arrested
গ্রেফতার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষীয়ান নেতা শিবনাথ চৌধুরী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 7, 2025 at 7:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কালিনগর (নদিয়া) , 7 মার্চ: কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার এলাকার তৃণমূল নেতা তথা সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর শিবনাথ চৌধুরী ৷ এর আগে শিবনাথ নদিয়ার এই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রায় 14 কোটি টাকা জালিয়াতির অভিযোগ করেন ব্যাঙ্কেরই এক গ্রাহক ৷ এরপর শুক্রবার সকালে তৃণমূল নেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ বর্তমানে তিনি ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর হিসেবে কাজ করছেন ৷

ব্যাঙ্কের গ্রাহক নন্দিতা দাস কালিনগর সোসাইটির সদস্য। এই সোসাইটির বিভিন্ন কাজকর্ম সমবায় ব্যাঙ্কের মাধ্যমে হত। তাঁর অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন । 2014 থেকে 2020 সাল দীর্ঘ 6 বছর ধরে কালিনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী ৷ সেই সময় তিনি 14 কোটি টাকার জালিয়াতি করেছেন বলে নন্দিতার অভিযোগ।

এই অভিযোগ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ পরে আদালতের নির্দেশে অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ৷ শুধু টাকা তছরূপই নয়, মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগও উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন, "সমবায় ব্যাঙ্কের এক গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় ৷ পরে আদালতেই অসুস্থ হয়ে পড়ে তিনি ৷ এরপর পুলিশের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ৷"

এদিকে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতি ৷ নেতার পাল্টা অভিযোগ, "আমি এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারি না ৷ আমি করব কেন ? কোনও টাকা আত্মসাৎ হয়নি ৷ আমার ভাবমূর্তি নষ্ট করতে এই টাকা তছরূপের অভিযোগ ৷ আমাকে অপদস্থ করার জন্য এসব করা হচ্ছে ৷" সমবায় ব্যাঙ্কের ম্যানেজার প্রলয় চৌধুরীও একই কথা বলেন, "ইচ্ছাকৃত চক্রান্ত করা হয়েছে ৷ আমাদের কাছে সব টাকার হিসাব আছে ৷"

এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, "শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না, এই চোরেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ তার কারণ সমবায় ব্যাঙ্কে দিন আনা দিন খাওয়া শ্রমিক শ্রেণির মানুষ এখানে টাকা জমিয়ে রাখেন ৷ আর সেই টাকা চুরি করেছেন তিনি ৷ সারা রাজ্যে তৃণমূলের এই চুরির কারবার চলছে ৷"