ETV Bharat / state

চলতি মাসেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি, জনসভা হতে পারে দক্ষিণবঙ্গে

গত 29 মে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর একমাসের মাথায় ফের তিনি বঙ্গে আসতে চলেছেন বলেই খবর ৷

PM to visit bengal
গত মে মাসে আলিপুরদুয়ারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 12:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুন: আবারও রাজ্য সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জুন মাসেই পশ্চিমবঙ্গে আসবেন ৷ এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত ।

সূত্রের আরও খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ 20 জুন রাজ্যে এসে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দক্ষিণবঙ্গের কোনও জেলায় প্রধানমন্ত্রীর জনসভা হতে পারে । এর পাশাপাশি কলকাতা মেট্রোর সম্পূর্ণ গ্রিন লাইনের উদ্বোধন কর্মসূচির কারণেও প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন বলে জল্পনা তুঙ্গে ।

উল্লেখ্য, এই বছর 20 জুন অনেক বড় পরিসরে পশ্চিমবঙ্গ দিবস পালনের পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির । এই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বড় আকারে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলে জানা গিয়েছে ৷ তাই নন্দীগ্রামে শুভেন্দুর উদ্যোগেই প্রধামন্ত্রীর জনসভার আয়োজন হতে পারে ।

বিজেপি সূত্রে খবর, আপাতত রাজ্য বিজেপির পক্ষ থেকে এই প্রস্তাব জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠানো হয়েছে । তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্তভাবে কিছু জানানো হয়েছে কি না, সেই বিষয় এখনও কিছু জানা যায়নি ।

মূলত আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তার আট থেকে নয় মাস আগেই বাংলায় রীতিমতো 'ডেইলি প্যাসেঞ্জারি' শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 'অপারেশন সিঁদুরের' পর আলিপুরদুয়ারের সফরটি ছিল প্রধানমন্ত্রীর এই রাজ্যে প্রথম সফর । আলিপুরদুয়ার থেকে পাক সন্ত্রাসদমন নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি একেবারে আগামী বছরের বিধানসভার সুর বেঁধে দিয়ে যান তিনি ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে এবার থেকে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত 29 মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসে সভা করে যাওয়ার দু'দিনের মাথায় রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবার এই মাসের মাঝামাঝি আবারও রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী ।