দুর্ঘটনার আগে থমকে যাবে গাড়ি, ইউটিউব দেখে ডিভাইস তৈরি মেডিক্যাল পড়ুয়ার
ইউটিউব দেখে নিজের ভাবনায় তিনি বানিয়েছেন এই বিশেষ অত্যাধুনিক ডিভাইস । যার নাম রোবো কার ৷

Published : September 15, 2025 at 9:34 PM IST
দাঁতন, 15 সেপ্টেম্বর: দুর্ঘটনার আগে থমকে যাবে গাড়ি ৷ এড়ানো যাবে বড়সড় বিপর্যয় ৷ তার জন্য কোনও প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ডিভাইস বানিয়ে চমকে দিলেন বাংলার তরুণ তমালকান্তি দাস ৷ তিনি একজন ডাক্তারি পড়ুয়া ৷ এই বিশেষ অত্যাধুনিক ডিভাইসটির তিনি নাম রেখেছেন, রোবো কার ৷ ডাক্তারি পড়ুয়া হয়েও ইঞ্জিনিয়ারিং বিষয়ে তমালের দক্ষতা ও ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে ।
দুর্ঘটনা আটকাবে ডিভাইস
একদিকে যেমন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, তেমনই বাড়ছে মানুষের সংখ্যা । তাই রাস্তাঘাটে প্রায় সময় ঘটে যায় ছোট বড় একাধিক দুর্ঘটনা । তাদের মধ্যে কিছু দুর্ঘটনা রাস্তায় চলতে গিয়ে হঠাৎই সামনে গাড়ি চলে আসায় অথবা চালকের অসাবধানতাবশত ঘটে । আর তাতে প্রাণ যায় বহু মানুষের । তবে এই দুর্ঘটনা রোধে এবার তমাল অটোমেটিক অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ডিভাইস বানিয়েছেন ৷
তরুণের পড়াশোনা
মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মনোহরপুর এলাকার বাসিন্দা প্রথম বর্ষের চিকিৎসক ছাত্র তমালকান্তি দাস । 2023 সালে উচ্চমাধ্যমিক দেওয়ার পর নিটের প্রস্তুতি নেন তিনি । চলতি বছর ভরতি হন ডাক্তারি পড়ায় । তবে ছোট থেকেই শখ বিভিন্ন ধরনের জিনিস তৈরির । সেই মতো অবসর সময়ে ইউটিউব দেখে কোডিং শিখে এবং নিজের ইচ্ছে শক্তি ও ভাবনাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে সামান্য কিছু জিনিস অর্ডার করে, খুব স্বল্প মূল্যে এই বিশেষ ডিভাইস বানিয়ে ফেলেছেন তিনি ।
কী এই প্রযুক্তি?
তমাল জানিয়েছেন, একটি বিশেষ গাড়িতে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি, যা চলতি পথে আটকে দেবে দুর্ঘটনা । গাড়ির গতিপথে কোনও বস্তু থাকলেই অটোমেটিক দাঁড়িয়ে যাবে গাড়িটি । পাশাপাশি নির্দিষ্ট সাউন্ড দিয়ে জানিয়ে দেবে চালককে । শুধু তাই নয়, ফাঁকা এবং বিকল্প পথ ধরে ফের এগিয়ে যাবে সেই গাড়ি । একইসঙ্গে অন্ধ ব্যক্তিদের ব্লাইন্ড স্টিকে লাগানো যেতে পারে এই ডিভাইস ।

কীভাবে কাজ হবে?
বিশেষ ব্লুটুথ নির্ভর এই ডিভাইস ৷ প্লাই দিয়ে গাড়িতে লাগাতে হবে । তাছাড়া গাড়ির সামনে এবং পিছনে থাকবে আল্ট্রাসনিক সাউন্ড সেন্সর । কোডিং করে লাগাতে হবে । এরপর সামনে কোনও বস্তু এলে স্বয়ংক্রিয়ভাবে তাকে পর্যবেক্ষণ করবে এই সেন্সরটি এবং সামনে কোনও জিনিস থাকলে আটকে যাবে গাড়িটি । যদিও এই ব্লুটুথ নির্ভর বিশেষ এই ডিভাইস বানাতে খরচ অতি সামান্য বলেই দাবি পড়ুয়ার ।
তমাল বলেন, "আমি একটি গাড়িতে ব্যবহার করেছি দুটি সেন্সর-সহ এই বিশেষ প্রযুক্তি । চলতে গিয়ে কোন অবস্ট্রাক্ট কিছু দেখতে পেলে গাড়িটি থমকে যাবে । এই প্রযুক্তি দ্বারা আমরা বড় বড় দুর্ঘটনা রোধ করতে পারি । বিশেষ করে রাতের বেলায় যে গাড়িগুলি হাই রোড ধরে চলতে থাকে ড্রাইভাররা ঘুমিয়ে যায় সে ক্ষেত্রে বড় বড় দুর্ঘটনা রোধ করা যাবে ।"

কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্তে দাঁতনে এই ডাক্তারি পড়ুয়ার কীর্তিতে খুশির হাওয়া এলাকার মধ্যে । আগামিদিন এই প্রযুক্তি যানবাহনের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করলে অনেকটাই দুর্ঘটনা রোধ করা যাবে বলে আশা অনেকের ।

