ETV Bharat / state

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমানের জয়জয়কার, এল 5টি সোনা

সোনাজয়ীদের তালিকায় পঞ্চাশোর্ধ মহিলা ৷ রয়েছে কিশোর-কিশোরীরাও ৷ সোনাজয়ী পাঁচ প্রতিযোগী অংশ নেবেন কুয়ালালামপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৷

NATIONAL YOGASANA CHAMPIONSHIP
জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমানের জয়জয়কার ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 9:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 30 অগস্ট: সম্প্রতি কেরলের কোচিতে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসন স্পোর্টস ইন্ডিয়া আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার প্রতিযোগীরা পাঁচটি সোনা জয় করে ফিরলেন ৷ এই সোনা জয়ের দৌড়ে রয়েছেন কিশোর-কিশোরীদের সঙ্গে গৃহবধূরাও ৷ যেখানে পঞ্চাশোর্ধ মহিলাও রয়েছেন সোনাজয়ীদের তালিকায় ৷

আগামিদিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগিতারা অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন তাঁদের কোচ ৷ তবে, এত কিছুর পরেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে খরচের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন যোগাসন প্রতিযোগীরা ৷

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমানের জয়জয়কার (নিজস্ব ভিডিয়ো)

উল্লেখ্য, সম্প্রতি কেরলের কোচিতে আয়োজিত হয়েছিল ডব্লুউএফএফওয়াইসিআই-এর যোগাসন প্রতিযোগিতা ৷ পশ্চিমবঙ্গে 19টি জেলার 400 প্রতিযোগী এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷ যেখানে পশ্চিম বর্ধমান জেলা থেকে 8জন প্রতিযোগী অংশ নেন ৷ তাঁদের মধ্যে পাঁচজন সোনা জয় করেছেন ৷ দু’টি রুপোর পদকও এসেছে জেলায় ৷

National Yogasana Championship
জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পাঁচ সোনাজয়ী ৷ (নিজস্ব ছবি)

সোনাজয়ীরা হলেন রিয়া বন্দ্যোপাধ্যায়, সুপার সিনিয়র বিভাগ (বয়স সীমা 31-40 বছর), মহুয়া বন্দ্যোপাধ্যায়, মাস্টার্স উইমেন বিভাগ (বয়স সীমা 41-50 বছর), সোনালী দে, ট্রাডিশন্যাল-মাস্টার উইমেন (বি) (51 বছরের উর্ধ্বে), নীলাঞ্জন দত্ত, সাব-জুনিয়র বিভাগ এবং পৌষালী ধীবর, সাব জুনিয়র বিভাগ ৷ প্রত্যেকেই ট্রাডিশন্যাল যোগা বিভাগে সোনা জিতেছেন বলে জানান প্রতিযোগীদের কোচ রবি বিশ্বাস ৷

National Yogasana Championship
যোগাসনের অনুশীলন ৷ (নিজস্ব ছবি)

যোগাসন প্রশিক্ষক রবি বিশ্বাস বলেন, "প্রায় 250 জন ছাত্রছাত্রীকে আমি যোগা শেখাই ৷ এর মধ্যে যেমন কিশোর-কিশোরীরা রয়েছেন, তেমনি গৃহবধূ এমনকি পঞ্চাশোর্ধ পুরুষ-মহিলারাও এগিয়ে আসছেন যোগা শিখতে ৷ এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় যে পাঁচজন সোনা পেয়েছেন, তাঁদের মধ্যে সবস্তরের প্রতিযোগীরাই আছেন ৷ যাঁরা সোনা জয় করেছেন, আগামিদিনে তাঁরা প্রত্যেকেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নেবেন ৷ আমার আশা সেখানেও তাঁরা ভালো ফল করে আসবেন ৷"

National Yogasana Championship
কোচ রবি বিশ্বাসের সঙ্গে সোনাজয়ী প্রতিযোগীরা ৷ (নিজস্ব ছবি)

জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় সোনা জয় করেছেন আসানসোলে গৃহবধূ মহুয়া বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি যোগাসন শিখতে যাওয়ার পর, আমার জীবন পালটে গেছে ৷ এই প্রথমবার জাতীয়স্তরে আমি সোনা জয় করেছি ৷ অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি যদি পারি, আমি মনে করি সবাই পারবেন ৷ তাই অন্যান্য গৃহবধূদেরও বলব এগিয়ে আসুন ৷ এখানে সুস্থ থাকার পাশাপাশি, জীবনে অনেক সুযোগ আসবে নিজেকে মেলে ধরার ৷"