কী সুন্দর চা ! তপ্ত মুর্শিদাবাদ, বহরমপুরের সাংসদ ইউসুফের পোস্টে সমালোচনার ঝড়
ওয়াকফ বিরোধী অশান্তিতে জ্বলছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ৷ সেই সময় নিজের চা খাওয়ার মুহূর্তের ছবি দিয়ে বিতর্কে জড়ালেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ ৷

Published : April 13, 2025 at 7:19 PM IST
|Updated : April 13, 2025 at 7:46 PM IST
কলকাতা, 13 এপ্রিল: একটি ফুরফুরে বিকেলে তিনি চা খাচ্ছেন এবং মুহূর্তটি উপভোগ করছেন ৷ দু'দিন আগে এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ৷ এই পোস্টটি এমন সময়ে করা, যখন ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ৷ মৃত্যু হয়েছে তিন জনের ৷ তার জেরে বিরোধী দলগুলি ক্রমাগত শাসকদলকে তুলোধনা করে চলেছে ৷
পাঠানের এই ছবিতে অনেকে লাইক দিলেও কয়েকজন অনুরাগী তাঁকে বাংলার অবস্থা নিয়ে প্রশ্ন করেছেন ৷ একইভাবে এই ছবি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টিও ৷ তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন, মুর্শিদাবাদে যেখানে অশান্তি হচ্ছে, সেই জায়গাগুলি তৃণমূল সাংসদের নির্বাচনী এলাকা নয় ৷
বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা বহরমপুরের সাংসদ ইউসুফের চা খাওয়ার ছবির সঙ্গে মুর্শিদাবাদের হিংসার ছবি শেয়ার করে লিখেছেন, "বাংলা জ্বলছে ৷ হাইকোর্ট বলেছে তারা এই অবস্থায় চোখ বন্ধ করে রাখতে পারে না ৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার ঘটনায় মদত দিচ্ছেন ৷ পুলিশ নীরব! এই সময় সাংসদ ইউসুফ পাঠান চায়ে চুমুক দিয়ে মুহূর্তটির আনন্দ নিচ্ছেন ৷ এটাই তৃণমূল ৷"
কী লিখেছেন ইউসুফ পাঠান ? তিনি তাঁর অবসর কাটানোর তিনটি ছবি পোস্ট করেছেন ইনস্টাতে ৷ একটিতে তিনি সাদা কুর্তা-পাজামা পরে চা খাচ্ছেন ৷ তৃণমূল সাংসদ লেখেন, "ফুরফুরে বিকেল, দারুণ চা এবং চারদিক কী শান্ত ৷ এই মুহূর্তটা উপভোগ করছি ৷"
একদিকে মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হিংসার ঘটনা ঘটছে ৷ তখন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফের এমন একটি স্বস্তির ও আরামের ছবি পোস্ট করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷
এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "অনেকেই বলছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ যে ঘটনা ঘটল, সেখানে সাংসদ হিসাবে ইউসুফ পাঠান কী করছেন ! যাঁরা বলছেন, তাঁদের একবার ডিলিমিটেশন তালিকাটা দেখা উচিত ছিল ৷ কারণ, ডিলিমিটেশনের ফলে ওই ক্ষেত্রটি এখন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে ৷ ফলে এর সঙ্গে ইউসুফ পাঠানের কোনও সম্পর্ক নেই ৷ যাঁরা এসব বলছেন, তাঁদের আগে ভালো করে নির্বাচনী ক্ষেত্রটা সম্পর্কে জানা উচিত ৷"

2024 সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ তিনি আদতে গুজরাতের বাসিন্দা ৷ নির্বাচনে বহরমপুরের দীর্ঘ দিনের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে 85 হাজার 22 ভোটে পরাজিত করেন ৷

