পাচারকারীকে লক্ষ্য করে গুলি বিএসএফের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
বিএসএফের দাবি, দৌড়ে পালানোর চেষ্টা করায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা । গুলি গিয়ে লাগে পাচারকারীর চোখে ।

Published : March 9, 2025 at 1:57 PM IST
বসিরহাট, 9 মার্চ: ভারত-বাংলাদেশ সীমান্তে এক পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালাল বিএসএফ । শাহাবুদ্দিন বিশ্বাস নামে ওই পাচারকারীর চোখে গুলি লেগেছে বলে জানা গিয়েছে । হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । ঘটনাটি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে ।
বিএসএফ সূত্রে খবর, রবিবার ভোরের দিকে ওই পাচারকারী গোবিন্দপুর কালঞ্জি সীমান্ত দিয়ে কোনও কিছু পাচারের চেষ্টা করছিলেন । তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের । প্রথমে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ওই পাচারকারীকে দাঁড়াতে বলা হয় । কিন্তু, সেই কথায় গুরুত্ব না দিয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন । তখনই তাঁকে লক্ষ্য করে দূর থেকে গুলি চালায় কর্তব্যরত এক বিএসএফ জওয়ান বলে জানা গিয়েছে ।

বিএসএফের তরফে আরও জানা গিয়েছে, গুলি গিয়ে সরাসরি লাগে শাহাবুদ্দিনের চোখে । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । এরপর গুলিবিদ্ধ ওই পাচারকারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বরূপনগরের শাঁড়াফুল গ্রামীণ হাসপাতালে । পরে অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলেই খবর হাসপাতাল সূত্রে ।
স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত পাচার নতুন কিছু নয় । এর আগেও বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে একাধিক বস্তু পাচারের চেষ্টা হয়েছে । কখনও সোনার বিস্কুট অথবা রুপোর গয়না । আবার কখনও মাছের পোনা কিংবা মাদক দ্রব্য । কোনও কোনও ক্ষেত্রে বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে পাচারকারীরা সফল হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন তাঁরা । সম্প্রতি এই স্বরূপনগরের সীমান্তেই বড়সড় সাফল্য পায় বিএসএফ । এক পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয় কোটি টাকারও বেশি সোনার বিস্কুট । তবে সাধারণত গুলি চালানোর ঘটনা খুব একটা শোনা যায়নি । যা এক্ষেত্রে ঘটল ।
বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের এক আধিকারিকের অবশ্য দাবি, "প্রথমে জওয়ানরা গুলি চালাতে চায়নি । ওই পাচারকারীই বাধ্য করেছে গুলি চালাতে । সে চেষ্টা করছিল কীভাবে সেখান থেকে পাচারের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া যায় ।" তবে ওই পাচারকারীর কাছ থেকে পাচারের কোনও জিনিস বাজেয়াপ্ত হয়েছে কি না, তা অবশ্য খোলসা করেনি বিএসএফ কর্তারা ।
এ নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "গুলি চালানোর একটা ঘটনা ঘটেছে । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।"

