ETV Bharat / state

বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও 1

হোটেলের দুই মালিকের পর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷

ETV BHARAT
বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও 1 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতের নাম খুরশিদ আলম । তাকে 5 রাইফেল রেঞ্জ রোড থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ।

জানা গিয়েছে, বড়বাজারের মেছুয়া ফলপট্টির হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই হোটেলের ডিজাইনিং এবং কারুকার্যের দায়িত্বে ছিলেন এই খুরশিদ আলম ৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগরপাল মনোজ কুমার ভার্মাকে নির্দেশ দিয়েছিলেন যে, অভিযুক্তদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে । এরপরই দুই হোটেল মালিককে গ্রেফতারের পর এদিন আরও একজনকে গ্রেফতার করা হল ৷

গোয়েন্দারা জানতে চাইছেন, কীভাবে রাস্তা বন্ধ করে অন্য একটি পানশালার কাজ করা হল ওই হোটেলে ? তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত খুরশিদ আলম একটি ইমার্জেন্সি গেট বন্ধ করে সেখানে পানশালার কাজ করেছিলেন । কীভাবে তিনি এই অনুমতি পেলেন, তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে সেই বিষয়টিই পরিষ্কার ভাবে জানতে চাইছেন গোয়েন্দারা । আজ তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ ।

এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর সামনে এসেছে । চলতি সপ্তাহে বড়বাজারের ওই হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ অনেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন । অনেকের আবার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ৷ ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার ফলে সেখানে আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়তে হয় দমকলকে ৷

লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই মৃত 14 জনের দেহের ময়নাতদন্তে রিপোর্ট এসে পৌঁছেছে ৷ অধিকাংশেরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷ কারও বিষাক্ত ধোঁয়া শরীরের ভিতরে ঢুকে যাওয়ায়, কেউ ঝলসে যাওয়ায় এবং কেউ উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় মৃত এবং আহত প্রত্যেককেই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ।