বরযাত্রীর হামলায় মৃত্যু কনেপক্ষের ! গুলি করে যুবককে খুনের অভিযোগ দুর্গাপুরে
বিয়েবাড়িতে এসে বেঘোরে প্রাণ গেল যুবকের ৷ গান চালানো নিয়ে অশান্তি শুরু ৷ পুলিশ বলছে, যুবকের শরীরে কোপানোর একাধিক দাগ রয়েছে ৷

Published : March 9, 2025 at 4:23 PM IST
দুর্গাপুর, 9 মার্চ: বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সঙ্গে কনের বাড়ির লোকজনের হাতাহাতি ৷ এখানেই শেষ নয়, বচসা শেষমেশ রণক্ষেত্রের চেহারা নেয় ৷ ভাঙচুর করা হয় বিয়ে বাড়ির একাধিক জিনিস ৷ মৃত্যু হয় কনেপক্ষের এক যুবকের ৷ তারপরই বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান ৷ পাত্রীপক্ষের অভিযোগ, ওই যুবকে বর পক্ষের লোকজন গুলি করে খুন করেছে ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত ৷
ঘটনাস্থলে পৌছয় পুলিশ বাহিনী। যদিও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনার কথা অস্বীকার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যুবককে কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (18)। পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। বিয়ে বাড়িতে বরাকর থেকে বরযাত্রীরা আসার কিছুক্ষণ পর ডান্স প্লাটফর্মের গান পরিবর্তন করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। গান পরিবর্তন করতে রাজি হননি পাত্রীপক্ষের লোকজন। এরপরই শুরু হয় দু'পক্ষের হাতাহাতি। অভিযোগ, ঠিক এইসময় পাত্রী পক্ষের আত্মীয় আর্টিস্ট বেদকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়।

- কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, ওই যুবক আমাদের বাড়িতে এসেছিলেন। বরযাত্রীরা তাঁর উপর হামলা চালায়। আমি শুনছি তাঁকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।
- যুবকের মামা অবিনাশ বেদের অভিযোগ, বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি।
- যদিও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, "কোনও গুলি চলেনি ৷ তবে একটি ঘটনা ঘটেছে। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে, কোনও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তারও তদন্ত চলছে।"

