ভুল ইনজেকশনে মৃত্যু নার্সিংহোমে ! রোগীকে অ্যাম্বুলেন্সে রেখে তুমুল বিক্ষোভ পরিবারের
গলায় টিউমার নিয়ে ব্যক্তি ভর্তি হন বুনিয়াদপুরের ওই নার্সিংহোমে । অস্ত্রোপচারের আগে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ তাঁকে ৷

Published : July 27, 2025 at 1:45 PM IST
বংশীহারী, 27 জুলাই: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ ৷ গভীর রাত পর্যন্ত মৃত রোগীকে অ্যাম্বুলেন্সে রেখে চলে বিক্ষোভ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার একটি নার্সিংহোমে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ । পুলিশি হস্তক্ষেপে শেষে পরিস্থিতি শান্ত হয় ।
পরবর্তীতে পুলিশের সহযোগিতায় মৃত রোগীকে নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে । রবিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে । মূলত কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ । তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি মৃতের পরিবারের সদস্যরা ।
এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গতকাল রাতে বুনিয়াদপুরের একটি নার্সিংহোমে রোগী মৃত্যুর কথা জানতে পেরেছি । রাতে খবর পেয়ে সেখানে যায় বংশীহারী থানার পুলিশ । পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাটে । তবে কী কারণে রোগীর মৃত্যু হল অভিযোগ করা হলে তা তদন্ত করে দেখা হবে ।"

জানা গিয়েছে, গত মঙ্গলবার বুনিয়াদপুরের ওই নার্সিংহোমে ভর্তি হন বংশীহারীর বাসিন্দা 42 বছরের সুজিত মাহতো । দীর্ঘদিন থেকে গলায় টিউমারে ভুগছিলেন তিনি । শনিবার বিকেলে অপারেশনের সময় নির্ধারণ হয় তাঁর । সেই মতো এদিন বিকেলে রোগীকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয় । অভিযোগ, ওই রোগীকে অজ্ঞানের জন্য ইনজেকশন দেওয়া হলে সুজিত মাহাতো আরও বেশি অসুস্থ হয়ে পড়েন । পরবর্তীতে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে রেফার করে দেয় মালদা মেডিক্যাল হাসপাতালে । মালদা নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় ওই রোগীর ।

এরপরে ওই রোগীকে অ্যাম্বুলেন্সে করে আবারও নিয়ে আসা হয় ওই নার্সিংহোমের সামনে । অ্যাম্বুলেন্সের ভেতরেই রোগীকে রেখে মৃতের আত্মীয় পরিজনরা বিক্ষোভ দেখাতে থাকেন । দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে নার্সিংহোমের সামনে । এরপর বিক্ষোভের খবর পেয়ে রাতেই সেখানে আসে বংশীহারী থানার পুলিশ । পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ দেহ উদ্ধার করে ৷
মৃতের আত্মীয় সুজন মাহাতো বলেন, "আমার জামাইবাবু গত মঙ্গলবার গলায় টিউমার নিয়ে ভর্তি হয় বুনিয়াদপুরের এই নার্সিংহোমে । শনিবার অপারেশন ছিল তাঁর । অপারেশনে নিয়ে যাওয়ার আগে ভুল ইনজেকশন দেওয়া হয় তাঁকে । ভুল ইনজেকশন দেওয়ার কারণেই আমার জামাইবাবুর অবস্থা খারাপ হয় ৷ তখন নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, মালদায় নিয়ে যেতে হবে জামাইবাবুকে । সেই মতো মালদা নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর । এরপরে আমরা দেহ ফিরিয়ে নিয়ে আসি নার্সিংহোমের সামনে । কিন্তু এখনও পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারছে না এবং গেটে তালা মারা রয়েছে ।"
এই বিষয়ে মৃতের ভাই বিমল মাহাতো বলেন, "অপারেশন করার আগে ভুল ইনজেকশন দেওয়ার কারণে আমার দাদা গুরুতর অসুস্থ হয়ে পড়ে । রাতে রেফার করা হয় মালদায় । মালদা নিয়ে যাওয়া পথে রাস্তাতে মৃত্যু হয় আমার দাদার । আমরা চাই এই নার্সিংহোমের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক । কারণ এর আগেও এই নার্সিংহোমে এরকম ঘটনা ঘটেছে । "

