শেষ 24 ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা কত, প্রকাশ্যে এল পরিসংখ্যান
এখন দেশে কোভিড আক্রান্তের মোট সংখ্যা 5364 । এর মধ্যে বাংলার 596 জন রয়েছেন ৷ আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷

Published : June 6, 2025 at 9:08 PM IST
কলকাতা, 6 জুন: রাজ্যে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । শেষ 24 ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন 58 জন । বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 596 ।
সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা । গতকাল, বৃহস্পতিবারই একদিনে সংক্রমণের সংখ্যা পেরিয়েছিল 100 ৷ গত রবিবার রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । যদিও সেই মহিলা একাধিক সমস্যায় ভুগছিলেন ।
ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । বেসরকারি হাসপাতালগুলিতেও ভর্তি রয়েছেন বহু রোগী । বাইপাসধারের এক বেসরকারি হাসপাতালের সাত মাসের একটি শিশু চিকিৎসাধীন কোভিড আক্রান্ত হয়ে । নিউ আলিপুরেও দশ বছরের একটি শিশু কোভিড পজেটিভ ।
যদিও পরিস্থিতির উপর নজর রেখেছে স্বাস্থ্য ভবন । তবে চিকিৎসকদের তরফে ভয় না-পেয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে । এই পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "কোভিড আছে এবং থাকবে । তার রূপ পরির্বতন হবে ৷ এখন ওমিক্রনের একটা ভ্যারিয়েন্ট দেখা যায় । এই ভ্যারিয়েন্ট এর ফলে সংক্রমণ বেশি হলেও মৃত্যু হওয়ার সম্ভাবনা কম ।’’
তিনি আরও বলেন, ‘‘সবাই বিষয়টার উপর নজর রাখছে । তবে যেকোনও মুহূর্তে ভয়ংকর রূপ নিতে পারে । তাই যদি সামান্য উপসর্গ দেখা যায়, তখনই টেস্ট ও দরকারে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে । মাস্কের ব্যবহার শুধু করোনা নয়, এই বায়ুদূষণের থেকেও রক্ষা করে । দরকার না-হলে ভিড় এড়িয়ে চলা ভালো । তার সঙ্গে হাত ধোয়া, পরিষ্কার জামা কাপড় পরিধান ভালো । অযথা ভয় না-পেয়ে এই জিনিসগুলো মেনে চললেই সমস্যা হবে না ।"
রাজ্যের পাশাপাশি দেশেও বাড়ছে কোভিড । শেষ 24 ঘণ্টায় নতুন করে দেশে কোভিড আক্রান্ত হয়েছেন 498 । এই মুহূর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা 5364 । সব থেকে বেশি সংক্রমণ কেরালায় । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1679 । এরপরই রয়েছে গুজরাত । সেখানে মোট সংক্রমণ 615 । তারপরেই পশ্চিমবঙ্গ, মোট সংক্রমণ 596 । এরপর রয়েছে দিল্লি, 592 । তারপরই রয়েছে মহারাষ্ট্র সেখানে সংক্রমণের সংখ্যা 548 । কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্যের হাসপাতালগুলিকে গতকাল বৃহস্পতিবার মকড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছিল ।

