প্রথমবার পোলোগংকা পর্বতশৃঙ্গ অভিযানে উত্তরের অভিযাত্রীরা
1 জুলাই শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবে পর্বতারোহীরা । আগামী 12 বা 13 জুলাই করা হবে পোলোগংকা শৃঙ্গ আরোহণের চেষ্টা ।

Published : June 7, 2025 at 5:52 PM IST
শিলিগুড়ি, 7 জুন: দুর্গম হিমালয় শৃঙ্গ অভিযানে এবার উত্তরের অভিযাত্রীরা । উত্তরবঙ্গ থেকে এই প্রথম যৌথ পর্বত শৃঙ্গ অভিযানে যাচ্ছেন তাঁরা । অ্যাডভেঞ্চার ক্লাবগুলি একত্রে এবার হিমালয়ের দুর্গম শৃঙ্গ অভিযানে যেতে চলেছে । লাদাখ হিমালয়ের পোলোগংকা শৃঙ্গের মাথায় উত্তরবঙ্গের পতাকা ওড়ানোর উদ্দেশ্যে উত্তরের অভিযাত্রীরা যাত্রা শুরু করবেন 1 জুলাই ।
পোলোগংকা 6,390 মিটার (20,960 ফুট) উচ্চতা বিশিষ্ট পর্বতশৃঙ্গ । যা ভারতের লাদাখ হিমালয়ে অবস্থিত । এই শৃঙ্গে প্রথম সফল আরোহণ হয়েছিল 1997 সালের অগস্ট মাসে । তখন অভিযাত্রী ছিলেন মাইক রাত্তি, রিচার্ড ল, ট্রেভর উইলিস এবং নারিন্দার চাকুলা । সবাই একসঙ্গে ওই চূড়ায় আরোহণ করেন ।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি । উত্তরের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত হয়ে দুর্গম এই অভিযানের উদ্দেশে যেতে চলেছে । 12 জন সদস্যের দল তৈরি হয়েছে এই অভিযানের জন্য । নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গের অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস । বাকিরা হলেন, জয়ন্ত সরকার, সুজয় বণিক, ত্রিদিব সরকার, ড. স্বরূপ খান, হিরক ব্রহ্ম, নবনিশ দত্ত, পিয়ালী বিশ্বাস, আমূল ঠাকুর, সায়ন ঘোষ, পার্থপ্রতিম দে এবং সুস্মিতা সরকার । এই 12 জন সদস্য ছাড়াও, দলের সঙ্গে দুই জন গাইড এবং দুই জন কিচেন স্টাফ যোগ দেবেন লাদাখ থেকে । তাঁরা অভিযাত্রীদের সঙ্গে মূল শিবিরে যোগ দেবেন ।

আলিপুরদুয়ারের রোভার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স ক্লাব, কোচবিহারের মাউন্টেনিয়ার্স ক্লাব, ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি, ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাব, শিলিগুড়ি থেকে বাছা হয়েছে 'টিম নর্থ বেঙ্গল' । 1 জুলাই শিলিগুড়ি থেকে শুরু হবে যাত্রা । দিল্লি হয়ে অভিযাত্রীরা পৌঁছবেন হিমাচলের মানালি । সেখান থেকে দরচা, ও লাদাখের সোকার লেক হয়ে দলটি আগামী 7 জুলাই পৌঁছবে অভিযানের মূল শিবিরে । যার উচ্চতা প্রায় 16 হাজার ফুট ।
মূল শিবির বা বেস ক্যাম্পের উপরে বিভিন্ন উচ্চতাতে স্থাপন হবে আরও দু’টি ক্যাম্প । এরপর সব কিছু ঠিক থাকলে আগামী 12 বা 13 জুলাই করা হবে শৃঙ্গ আরোহণের চেষ্টা । 19 জুলাই পর্বতারোহীরা ফিরে আসবেন শিলিগুড়ি বলে জানা গিয়েছে । এই শৃঙ্গ আরোহণ পর্বে পর্বতারোহীদের লাদাখের কঠিন অক্সিজেন বর্জিত অঞ্চলের সঙ্গে খাপ খাওয়াতে হবে । উচ্চতাজনিত শারীরিক সমস্যা ছাড়াও প্রচন্ড ঠান্ডা হাওয়া ও সঙ্গে পাহাড় থেকে আলগা পাথর পরার সম্ভাবনাও রয়েছে ।
এই বিষয়ে টিম লিডার ভাস্কর দাস বলেন, "উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই । কিন্তু সুযোগের অভাব রয়েছে । আর্থিক সমস্যার কারণে ক্লাবগুলির একার পক্ষে পর্বত শৃঙ্গ অভিযান সংগঠিত করাও কঠিন হয়ে পড়েছে । উত্তরের অ্যাডভেঞ্চার ক্লাবগুলোর যৌথ উদ্যোগ এই অঞ্চলের অ্যাডভেঞ্চার ও পাহাড় প্রিয় ছেলে মেয়েদের হিমালয়ের বুকে থেকে অভিজ্ঞতা অর্জনের এক সুযোগ এনে দেবে । এই অভিযানে মোট সাড়ে ছয় লক্ষ টাকা খরচ হবে ।"

