ETV Bharat / state

প্রযুক্তিগত ক্ষেত্রে আমাদের দেশের ব্যর্থতা, আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে NEET কৃতি রূপায়ণ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার পরে সর্বভারতীয় মেডিক্য়াল প্রবেশিকা পরীক্ষায় 20তম স্থান অর্জন করেন বর্ধমানের ছাত্র ।

NEET UG 2025 RESULTS
নিট পরীক্ষায় কৃতি বর্ধমানের রূপায়ণ পাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 2:47 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 15 জুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার পরে সর্বভারতীয় মেডিক্য়াল প্রবেশিকা পরীক্ষায় 20তম স্থান অর্জন করলেন বর্ধমানের ছাত্র রূপায়ণ পাল । শনিবার সর্বভারতীয় মেডিক্যাল (NEET-UG)-এর ফল প্রকাশিত হয় । সেই ফলাফলে দেখা যায়, দেশে 20তম র‍্যাঙ্ক করেছেন রূপায়ণ ।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-এর মধ্যে 497 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করেন রূপায়ণ । 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছিলেন তিনি । শনিবার নিট-এর ফলপ্রকাশের পরই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন । তবে, এত ভালো ফল হতে পারে সেটা ভাবতে পারেননি রূপায়ণ । আগামী দিনে দিল্লি এইমস থেকে ডাক্তারি পড়তে চান । ডাক্তারি পাশ করার পর এই রাজ্যেই ফিরতে চেয়েছেন তিনি ৷

রূপায়ণ পাল বলেন, "সারাদেশে 20 নম্বর র‍্যাঙ্ক করেছি । রাজ্যে সম্ভবত প্রথম বা দ্বিতীয় হয়েছি । পরীক্ষা যখন দিয়েছিলাম তখন ভাবিনি এত ভালো ফল হবে । পরে শিক্ষকদের কাছ থেকে অনেক বিষয় জানতে পেরে কিছুটা আশাবাদী হয়েছিলাম । প্রথম থেকেই আমার চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল ৷ কারণ, একজন চিকিৎসক হতে পারলে সরাসরি সাধারণ মানুষের পাশে থাকতে পারব ।"

NEET UG 2025 RESULTS
শিক্ষকদের সঙ্গে রূপায়ণ (ইটিভি ভারত)

আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এই প্রসঙ্গে রূপায়ণ বলেন, "বিমান দুর্ঘটনাটি খুব দুঃখজনক । বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে । এটা প্রযুক্তিগত দিক থেকে আমাদের দেশের ব্যর্থতা । ভবিষ্যতে বিমানের জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ।"

NEET-এর ফলাফলে পদার্থবিদ্যায় 180-এর মধ্যে 144, রসায়নে 180-এর মধ্যে 166 আর জীববিদ্যা 360-এর মধ্যে 356 নম্বর পেয়েছেন রূপায়ণ । তিনি বলেন, "উচ্চ মাধ্যমিকের সঙ্গে নিটের অনেক পার্থক্য রয়েছে । উচ্চ মাধ্যমিকে সবাই বেশি নম্বর পেতেই পারেন । কিন্তু, নিটে একটি নিদিষ্ট সময়ের মধ্যে স্কোর করা খুব কঠিন কাজ । দিল্লিতে এমবিবিএস, এমডি পাশ করার পরে এই রাজ্যেই ফিরে আসতে চাই ।"

আগামী দিনে যাঁরা এই প্রবেশিকা পরীক্ষায় বসবেন, তাঁদের উদ্দেশ্যেও বার্তা দেন রূপায়ণ ৷ তিনি বলেন, "আমি বলব এটা কোনও অসম্ভব ব্যাপার নয় । দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় বোর্ড ও নিটের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে পড়াশোনা করেছি । আপাতত দিল্লি এইমস থেকে পড়াশোনা করার ইচ্ছা আছে ৷ নিউরোসার্জেন হতে চাই ।"

অবসর সময়ে কী করেন রূপায়ণ ?

উত্তরে কৃতি এই ছাত্র বলেন, "খেলা দেখে ও গল্পের বই পড়ে সময় কাটে । পড়ুয়াদের বলব, পরীক্ষায় ভালো ফল করতে চাইলে একাগ্রতার সঙ্গে পুরো সময় ব্যয় করা উচিত । মূল ফোকাস যেন ঠিক থাকে । যাঁরা কমপিটিটিভের দিকে ফোকাস করবেন, তাঁদের উদ্দ্যেশ্যে বলব ভালো ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিক্ষকদের অনুসরণ করে চলতে হবে । সেই সঙ্গে, নিজে পড়াশোনা করে বাড়িতে টেস্ট পরীক্ষা দিতে হবে ।"

পড়ুন: বর্তমানে বেঁচে থাকাটাই বড্ড কঠিন, কেন বললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত ?