উঠছে নিষেধাজ্ঞা, মঙ্গল থেকেই জঙ্গলে প্রবেশে অনুমতি পর্যটকদের
এবার পুজোয় জঙ্গল সাফারির ইচ্ছে ? তিন মাস বন্ধের পর খুলছে উত্তরবঙ্গের সব অভয়ারণ্য । পর্যটকদের সুবিধার্থে থাকছে অনলাইন টিকিট ।

Published : September 15, 2025 at 6:51 PM IST
জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর: 90 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে জঙ্গল । পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান । ইতিমধ্যেই পর্যটকদের জন্য ওয়াচ টাওয়ারগুলো সংস্কার করা হয়েছে । জঙ্গল পথের রাস্তা পরিষ্কার করা হয়েছে । এককথায় ফের পর্যটকদের ভ্রমণের জন্য প্রস্তুত গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান-সহ চাপড়ামারি অভয়ারণ্য, বক্সা টাইগার রিজার্ভ ।
একশৃঙ্গ গণ্ডার দর্শনে পর্যটকরা ভিড় জমান গরুমারা ও জলদাপাড়ায় । তবে এবার গরুমারা জাতীয় উদ্যানে ধূপঝোরাতে হাতিদের স্নানও করাতে পারবেন পর্যটকরা । জঙ্গলে ঢোকার অনলাইন টিকিট চালু হয়ে গেলে পর্যটকদের ঢল নামবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা ।
গরুমারা জাতীয় উদ্যানের কালীপুর ইকো ভিলেজ, মেদলা ,ধূপঝোরাকেও সাজিয়ে তোলা হয়েছে । কালীপুরে পর্যটকরা মোষের গাড়িতে চড়ার সুযোগ পাবেন । 28টি নিজস্ব কুনকি হাতি রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের । বন পাহারার পাশাপাশি সাফারিতেও এদের ব্যবহার করা হয়ে থাকে । হাতিদের পিঠে জঙ্গল ভ্রমণ পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু । অনলাইন টিকিট চালু হয়ে যাওয়ায় পর্যটকরাও খুশি ।

জিপসি সাফারি
জলদাপাড়ায় জিপসিতে প্রত্যেক শিফটে 72 জন ঢুকতে পারবে । চারটে শিফটে পর্যটকরা যেতে পারবেন । সকালে দুটো আর বিকেলে দুটো শিফট । 288 জন দৈনিক সাফারি করতে পারবেন । ট্রলি লাইনে চারটে শিফটে 144 জন সাফারি করতে পারেন । মাদারিহাটে মোট 70টি হোম স্টে, রিসর্ট রয়েছে । জিপসি রয়েছে 20টি । গাইড রয়েছেন 30 জন । জিপসি সাফারির জন্য গাইড-সহ খরচ পড়বে 1750 টাকা । এর মধ্যে 1400 টাকা জিপসি ভাড়া ও 350 টাকা গাইডের খরচ ।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজ প্রতীম সেন বলেন, "16 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পর্যটকরা জঙ্গলে প্রবেশ করতে পারবেন । আমরা প্রস্তুত আছি তাঁদের স্বাগত জানানোর জন্য ।"
জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক প্রবীন কাশোয়ানের কথায়, "আমরা পর্যটকদের জন্য প্রস্তুত আছি । এবার জঙ্গল খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকদের ঢল নামবে বলে আমরা মনে করছি । জঙ্গলের রাস্তাগুলো সব পরিষ্কার করা হয়েছে । অনলাইনে হাতি সাফারিও চালু হয়ে গিয়েছে । অনলাইনে পর্যটকরা সাফারির স্লট বুকিং করতে পারবেন ।"
হাতি সাফারি
ইতিমধ্যেই হাতি সাফারির অনলাইন টিকিটের জন্য ওয়েবসাইট খুলে গিয়েছে । WBSFDA ওয়েবসাইটে হাতি সাফারির বুকিং করা যাবে । গরুমারা জাতীয় উদ্যানে দুটি হাতি দিয়ে তিনটি শিফটে 12 জন হাতি সাফারি করতে পারবেন । হাতি সাফারিতে পর্যটক প্রতি খরচ 1200 টাকা । অন্যদিকে, জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি সাফারি করতে জন প্রতি 1000 টাকা লাগবে । চারটে হাতি দিয়ে জলদাপাড়া মাদারিহাট গেট থেকে 48 জন হাতি সাফারি করেন । একটি হাতিতে চারজন করে যেতে পারেন । মালঙ্গীতে দিনে 12 জন হাতির পিঠে চড়তে পাড়েন । মালঙ্গীতে একটি হাতি তিনবার শিফট করে 12 জনকে সাফারি করানো হয় ।

