ETV Bharat / state

মহিলার প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন যুবক, রাজনীতির ধর্মযুদ্ধের মাঝে রক্তদানে সম্প্রীতির বার্তা

কিডনি-সহ নানা শারীরিক সমস্যা নিয়ে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি মহিলা ৷ পলাশী থেকে কল্যাণী হাসপাতালে গিয়ে রক্তদান নাসিমের ৷

BLOOD DONATION
মহিলার প্রাণ বাঁচাতে রোজা ভেঙে রক্তদান পলাশীর নাসিম মালিতার ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 2:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কল্যাণী, 19 মার্চ: একদিকে যখন রাজ্য রাজনীতিতে ধর্মীয় ইস্যুতে শাসক-বিরোধী তরজা তুঙ্গে, ঠিক সেই সময়ে ধর্মকে দূরে সরিয়ে মানবতা ও সম্প্রীতির বার্তা নদিয়ার পলাশীর যুবক নাসিম মালিতার ৷ এক মহিলার প্রাণ বাঁচাতে রোজা ভেঙে রক্তদান করলেন তিনি ৷ ঘটনাটি কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালের ৷

জানা গিয়েছে, কিডনির-সহ নানা শারীরিক সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন মাজদিয়ার বাসিন্দা সঙ্গীতা ঘোষ ৷ মাঝে মধ্যেই তাঁকে রক্ত দিতে হয় ৷ গত রবিবারেও তাঁর রক্তের প্রয়োজন হয় ৷ সেই সময় নানা জায়গায় রক্তের খোঁজ করেছেন সঙ্গীতা ঘোষের ছেলে সঞ্জু ঘোষ ৷ সেই সময় ফোন যায় নাসিম মালিতার কাছে ৷ এরপর তিনি কল্যাণী হাসপাতালে পৌঁছে রক্তদান করেন ৷

মহিলার প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন নাসিম (নিজস্ব ভিডিয়ো)

উল্লেখ্য, নাসিম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মাঝে মধ্যেই রক্তদান করে থাকেন ৷ তাই রবিবার দুপুরে তাঁর কাছে রক্ত দেওয়ার জন্য ফোন করা হয় ওই সংগঠনের তরফে ৷ তবে পরবর্তী সময়ে জানা যায়, নাসিম রোজা রেখেছিলেন ৷ তা সত্ত্বেও রক্তদান করতে পিছপা হননি তিনি ৷ রোজা ভেঙে রক্তদান করেন নাসিম ৷ চিকিৎসকের পরামর্শ মতো রক্তদানের পর তিনি খাওয়া দাওয়া করেছেন ৷

27 বছরের যুবক বলেন, "আমার বাড়ি পলাশীতে ৷ কর্মসূত্রে কল্যাণীতে থাকি ৷ দুপুরের নমাজের পর শুয়েছিলাম, তখনই ফোন আসে কল্যাণী হাসপাতালে রক্তদান করতে হবে ৷ আমি আগেও অনেকবার রক্তদান করেছি ৷ সবাইকে বলব, রক্তদান করার জন্য ৷ এতে ভয়ের কিছু নেই, কোনও ক্ষতি হবে না ৷"

নাসিমকে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ঘোষের ছেলে সঞ্জুও ৷ তিনি বলেন, "নাসিমদাকে অনেক ধন্যবাদ ৷ আমি নিজেও আগে রক্তদান করেছি ৷ আর উনি রোজা রাখা সত্ত্বেও মায়ের জন্য রক্ত দিলেন, তাই খুবই ভালো লাগছে ৷ আর আমি মনে করি জীবন বাঁচানোটা সবচেয়ে বড় ধর্ম ৷ এখানে কে, কোন ধর্মের বা জাতির, তাতে কিছু যায় আসে না ৷"