ETV Bharat / state

দীর্ঘ লড়াইয়ে সাফল্য ! বাংলাদেশে পুশব্যাক করা মালদার যুবক ফিরল দেশে, দাবি সাংসদ ইশার

অবশেষে বাংলাদেশে পুশব্যাক করা মালদার পরিযায়ী শ্রমিককে দেশে ফেরানো সম্ভব হল ৷ শিগগিরই তিনি বাড়ি ফিরবেন বলে দাবি সাংসদ ইশা খান চৌধুরীর ৷

ETV BHARAT
ইনসেটে বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার যুবক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 12:48 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 12 অগস্ট: অবশেষে প্রত্যাবর্তন ৷ বাংলাদেশ থেকে ফের ভারতে ফিরে এসেছেন কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের যুবক, 21 বছর বয়সি আমির শেখ ৷ মঙ্গলবার দিল্লি থেকে এই খবর জানিয়েছেন মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী ৷ আমিরের এই ভারতে প্রত্যাবর্তনকে ইশার লাগাতার পরিশ্রমের ফসল বলে উল্লেখ করছেন আমিরের পরিবারের সদস্য থেকে জালালপুর গ্রামের বাসিন্দারা ৷

উল্লেখ্য, গত 25 জুলাই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ বাংলাদেশ থেকে পোস্ট করা ওই ক্লিপে কালিয়াচক এক নম্বর ব্লকের আমির শেখ দাবি করেন, তিনি পরিযায়ী শ্রমিক ৷ এলাকার আরও কয়েকজনের সঙ্গে মাস দুয়েক আগে তিনি নির্মাণ শ্রমিক হিসাবে রাজস্থানের ভিলওয়াড়ায় যান ৷ সেখানে তিনি কাজও পেয়ে যান ৷ একদিন সেখানকার পুলিশ তাঁর ভারতীয় নাগরিকত্বের পরিচয় চায় ৷ তাঁর কাছে সমস্ত ভারতীয় নথিপত্র দাবি করে ৷ তিনি তাঁর সঙ্গে থাকা আধার ও ভোটার কার্ড দেখালেও পুলিশ তাতে সন্তুষ্ট হয়নি ৷

বাকি নথিপত্র তিনি দ্রুত বাড়ি থেকে আনিয়ে দেবেন বলে জানালেও রাজস্থান পুলিশ তাঁর গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে তাঁকে প্রথমে দু’তিনদিন থানায় রাখে ৷ তারপর আদালতের নির্দেশে তাঁকে জেলে পাঠিয়ে দেয় ৷ দু’মাস জেলে রাখার পর তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেয় রাজস্থান পুলিশ ৷ বিএসএফ তাঁকে একদিন রাতে ইন্দো-বাংলা সীমান্ত পার করিয়ে দেয় ৷ তখন থেকে তিনি বাংলাদেশেই ছিলেন ৷ তিনি দেশে ফিরতে চান বলে জানান ৷ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিলেন আমির ৷

ওই ভিডিয়ো ক্লিপ দেখার পর আমিরের পরিবারের সদস্যরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ৷ 26 জুলাই আমিরের বাড়ি গিয়ে সমস্ত ঘটনা শোনেন কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার ৷ তিনি প্রশাসনিকভাবে আমির শেখকে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি বলেই জানাচ্ছেন পরিবারের সদস্যরা ৷

এদিকে এই ঘটনা জানতে পেরে আমিরকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হন মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী ৷ তিনি প্রথমে বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁকে গোটা ঘটনা জানান ৷ আমিরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় তার জন্য লিখিত বিএসএফ-এর শীর্ষকর্তাকে আবেদনপত্রও জমা দেন ৷ পরবর্তীতে ইশা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নজরে পুরো বিষয়টি নিয়ে আসেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে 6 অগস্ট দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব তাঁকে নিশ্চিত করেন, আমিরকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে ৷ ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷

মঙ্গলবার সংসদ ভবন থেকে ইশা জানান, “ভারতীয় নাগরিক আমির শেখ আমার সংসদীয় ক্ষেত্রের বাসিন্দা ৷ সে রাজস্থানে কাজ করতে গিয়েছিল ৷ সেখানকার প্রশাসন বাংলাদেশি সন্দেহে তাকে দেশ থেকে বিতাড়িত করে ৷ আমির বেশ কয়েকদিন বাংলাদেশে ছিল ৷ আমিরকে দেশে ফিরিয়ে আনতে আমি অনেক লড়াই করেছি ৷ বিএসএফ-এর তরফে অবশেষে আজ ভালো খবর পেয়েছি ৷ আমিরকে বাংলাদেশের একটি থানা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ৷ সম্ভবত আজই তাকে বিএসএফ-এর তরফে ছেড়ে দেওয়া হবে ৷ এটা খুব ভালো খবর ৷ আমির আজ-কালের মধ্যেই বাড়ি ফিরে যাবেন বলে আশা করছি ৷”

আমিরের বাবা জেম শেখ বলেছেন, “ইশা খান চৌধুরী আজ আমাকে ফোন করে গোটা ঘটনা জানিয়েছেন ৷ তিনি বলেছিলেন, বিএসএফ কর্তৃপক্ষ আমাকে ফোন করবে ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনও ফোন পাইনি ৷ তবে সাংসদের উপর আমাদের সবার ভরসা রয়েছে ৷ আমরা আশা করছি, ছেলে দ্রুত ঘরে ফিরে আসবে ৷”