ETV Bharat / state

বাংলাদেশে পুশব্যাকের পর খোঁজ নেই, মালদার যুবককে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ সাংসদ ইশা

বাংলাদেশে পুশব্যাকের পর থেকে খোঁজ মিলছে না মালদার যুবকের ৷ তাঁকে দেশে ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ সাংসদ ইশা খান চৌধুরী ৷

ETV BHARAT
মালদার যুবককে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ সাংসদ ইশা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 6:27 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 5 অগস্ট: বেশ কয়েকদিন হয়ে গেল ছেলের ভিডিয়োবার্তা দেখা ৷ কিন্তু ছেলে কবে ঘরে ফিরবে এখনও জানেন না জেম শেখ ৷ ছেলের নতুন কোনও ভিডিয়ো ক্লিপ আর দেখতে পাননি ৷ ফলে সে এখন কোথায় আছে, কেমন আছে, সব কিছুই তাঁদের অজানা ৷ প্রশাসনকে ছাপিয়ে এই মুহূর্তে তাঁদের ভরসা মালদা দক্ষিণের সাংসদ ৷ এখন ইশা খান চৌধুরীর দিকেই তাকিয়ে তাঁরা ৷

কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা 21 বছর বয়সি আমির শেখ ৷ মাস দুয়েক আগে এলাকার আরও কয়েকজনের সঙ্গে রাজস্থানের ভিলওয়াড়ায় কাজ করতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, তাঁর মুখে বাংলা ভাষা শুনে সেখানকার পুলিশ সন্দেহবশত তাঁকে থানায় তুলে নিয়ে যায় ৷ বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন রাজস্থানে যান ৷ তাঁরা সেখানকার চারটি থানায় যোগাযোগ করেন ৷ কিন্তু কোনও থানার তরফে তাঁদের আমিরের বিষয়ে কিছু জানানো হয়নি ৷ ব্যর্থ হয়ে তাঁরা মালদা ফিরে আসেন ৷

13 দিন আগে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তাঁরা আমিরের ছবি দেখতে পান ৷ সেখানে ভিডিয়োবার্তায় আমির দাবি করেন, সমস্ত ভারতীয় পরিচয়পত্র সঙ্গে সঙ্গে দেখাতে না-পারায় রাজস্থান পুলিশ তাঁর গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে তাঁকে দু’তিনদিন থানায় রাখে ৷ তারপর তাঁকে জেলে পাঠিয়ে দেয় ৷ দু’মাস তাঁকে জেলে রাখার পর হাতকড়া পরিয়ে তাঁকে বিএসএফ-এর হাতে তুলে দেয় ৷ বিএসএফ তাঁকে ইন্দো-বাংলা সীমান্ত পার করিয়ে দেয় ৷ তখন থেকে তিনি বাংলাদেশে ৷ এ’দেশে তাঁর কেউ নেই ৷ তিনি নিজের দেশে ফিরতে চান ৷

আমিরের এই ভিডিয়োবার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ ঘটনা জানতে পেরে আমিরদের বাড়িতে যান কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার ৷ তিনি পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন, আমিরকে দেশে ফিরিয়ে আনতে প্রশাসন যথাযথ পদক্ষেপ করবে ৷ যদিও এখনও এনিয়ে প্রশাসনের তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি বলেই জানাচ্ছেন জেম শেখ ও আমিরের ঠাকুমা মোমেনা বিবি ৷ যদিও বিষয়টি নজরে পড়ার পর থেকেই কালিয়াচকের যুবককে ঘরে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী ৷ ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশকের সঙ্গে দেখা করে আমিরকে দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি ৷ এনিয়ে সোমবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও দ্বারস্থ হয়েছেন ৷

দিল্লি থেকে ইশা জানান, “আমিরকে ঘরে ফেরাতে আগেই বিএসএফ-এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে দেখা করে তাঁকে গোটা বিষয়টি জানিয়েছি ৷ ডিজি আমাকে জানিয়েছেন, এনিয়ে বিএসএফ-এর তরফে বাংলাদেশ প্রশাসনের তিনবার ফ্ল্যাগ মিটিং হয়েছে ৷ কিন্তু তারপরেও আমিরকে কেন দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না ৷ আমির সম্পর্কে আর কিছু জানতেও পারছি না ৷ তাই গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছি ৷ আমির যে ভারতীয় তা নিশ্চিত করতে যাবতীয় নথিপত্র মন্ত্রকে জমা দিয়েছি ৷ প্রয়োজনে আমি এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করব ৷”

জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, “আমির সম্পর্কিত যাবতীয় তথ্য জেলার তরফে রাজ্যে পাঠানো হয়েছে ৷ ওই যুবকের ভারতীয় নাগরিকত্বের যাবতীয় প্রমাণ-সহ বিষয়টি জানানো হয়েছে কেন্ত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও ৷ অন্য দেশ থেকে কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক্তিয়ারভুক্ত ৷ আশা করা যায়, খুব দ্রুত ওই যুবককে দেশে ফিরিয়ে আনা হবে ৷ এর বেশি আমাদের আর কিছু বলার নেই ৷”