বিশেষভাবে সক্ষম কন্যাসন্তানকে খুন করলেন মা ! পরে থানায় আত্মসমর্পণ
9 বছরের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ৷ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু পুলিশের ৷

Published : June 15, 2025 at 8:08 PM IST
গঙ্গারামপুর, 15 জুন: শ্বাসরোধ করে বিশেষভাবে সক্ষম কন্যাসন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি ৷ রবিবার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুরে ৷ অভিযুক্ত রিম্পা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি আবদুল আজিজ এবং রিম্পা বিবির নয় বছরের কন্যাসন্তান বলতে ও শুনতে পেত না ৷ অভিযোগ, এ নিয়ে প্রায়ই স্বামী এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে অশান্তি করতেন রিম্পা ৷ এ দিন বাড়িতে কেউ না-থাকার সুযোগে তিনি বিশেষভাবে সক্ষম মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে অভিযোগ ৷ এরপর তিন বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে যান তিনি ৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ পর রিম্পার শাশুড়ি ও ননদ বাড়ি ফিরে ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাচ্চাটিকে ৷ অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না-পেয়ে প্রতিবেশীদের খবর দেন তাঁরা ৷ খবর দেওয়া হয় আবদুল আজিজকে ৷ ততক্ষণে গঙ্গারামপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রিম্পা ৷ বিষয়টি রিম্পার কাছে শুনে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ সেই সময় এলাকায় লোকজন জড়ো হয়ে গিয়েছিল ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা ৷
পুলিশ বাচ্চাটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ রিম্পা বিবিকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় আবদুল আজিজ বলেন, "আমি সকালে যখন কাজে যাই, সে সময় আমার মেয়েটা উঠেছিল ৷ পরে আমাকে ইশারাতে বলল, পরে ঘুম থেকে উঠবে ৷ তারপর আমি চলে যাই ৷ পরে আমার ভগ্নিপতি আমাকে ফোন করে বলে বাড়িতে আসতে ৷ আমি বাড়িতে এসে দেখি মেয়ে নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে ৷"
অন্যদিকে, প্রতিবেশী লুৎফা বেগম বলেন, "ওর বোবা বাচ্চা ভালো লাগে না ৷ সেই জন্য এর আগে অনেক ঘটনা ঘটিয়েছে ৷ আমরা পাড়ার লোকজন সেই সব মেনে নিয়েছি ৷ বাচ্চাটাকে ওর মা ছাড়া কেউ মারেনি ৷ বালিশ চাপা দিয়ে ওই বাচ্চাকে মেরে ফেলেছে ৷ ওর ছোট ছেলেটা প্রথম অবস্থায় কথা বলতে পারত না ৷ অনেক দেরি করে কথা বলতে শিখেছে ৷ বাচ্চা কথা বলতে পারে না-বলে মানতে না পেরে দিল্লিতে চলে গিয়েছিল ৷ পরে আবার ফিরে এসেছে ৷"
এ নিয়ে গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গঙ্গারামপুর থানার নন্দনপুর পাটুল এলাকায় বিশেষভাবে সক্ষম নয় বছরের নাবালিকাকে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে ৷ এই ঘটনায় গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছে ৷ মৃত নাবালিকার মা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ৷ তারপর তাঁকে গ্রেফতার করা হয় ৷"

