নিম্নচাপের ভ্রুকুটি ! উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা, দুর্যোগ দক্ষিণেও
বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই ৷ নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে অব্যাহত থাকবে বারিধারা ৷ কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে, জানাল আবহাওয়া অফিস ৷

Published : August 13, 2025 at 8:49 AM IST
কলকাতা, 13 অগস্ট: সমুদ্রে আজ তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল ৷ এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের বিশেষ বুলেটিন জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ভাতিন্ডা, পাতিয়ালা ও দেরাদুনের উপর দিয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
দক্ষিণ বিহার থেকে উত্তর ওড়িশার উপরে সমুদ্রপৃষ্ঠের 1.5 কিলোমিটার উচ্চতায় একটি অক্ষরেখা রয়েছে । সেই সঙ্গে, মধ্য বঙ্গোপসাগরের পৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর প্রভাবে বুধবার বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে । পরবর্তী 48 ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ।
হিমালয়ের পাদদেশের উপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা ৷ পাশাপাশি, প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এর জন্য উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে ইতিমধ্যেই হলুদ, কমলা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে ।
আজকের আবহাওয়ার পূর্বাভাস :-
বুধবার দিনের আকাশ থাকবে মেঘলা ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস :-
বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির (7-20 সেমি) সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে । এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবার এক-দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে ৷
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস :-
বুধবার দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে ৷
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি সমস্ত জেলায় ঘণ্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷
শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার কিছু এলাকায় বজ্রপাত এবং ঘণ্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।
শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, ঘণ্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে ।
রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড :-
মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ ।

