ETV Bharat / state

কলকাতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের কলম্বাস মডিউল ! ছুঁয়ে দেখার সুযোগ পাবেন আপনিও

কলকাতায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের মডেল ! ছুঁয়ে দেখার সুযোগ পাবেন আপনিও ৷ তারই বিস্তারিত তুলে ধরলেন ইটিভি ভারতের সাহাজান পুরকাইত ৷

INTERNATIONAL SPACE STATION
কলকাতায় তৈরি হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কলম্বাস মডিউল ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 9:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: টানা 9 মাস মহাকাশে ! বিজ্ঞানী-গবেষকদের কাছে বিষয়টা সহজ হলেও, সাধারণের কাছে নয় ৷ যে কারণে মহাকাশে সুনীতা উইলিয়ামসরা কীভাবে কাটিয়েছেন, তা জানতে অজস্র প্রশ্ন আমজনতার ৷ যেমন, তাঁরা কীভাবে ছিলেন, কী খেয়েছিলেন ? তাঁরা কি ঘুমিয়ে ছিলেন ? তাঁরা জিম করতেন কীভাবে, ইত্যাদি।

এসব জানতে অনলাইনে অনেকে আবার সার্চ করেছেন প্রচুর ৷ তেমনি, সোশাল মিডিয়ায় মহাকাশচারীদের ভেসে বেড়ানোর ছবি-ভিডিয়ো শেয়ার করেছে নাসা ৷ স্পেস সেন্টারের ভিতরের নানা ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ৷ কিন্তু, বাস্তবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সে সব জিনিস ছুঁয়ে দেখার সুযোগ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ৷

কলকাতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের কলম্বাস মডিউল (ইটিভি ভারত)

তবে, বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজিক্যাল মিউজিয়াম সেই সুযোগই করে দিচ্ছে আমজনতার জন্য ৷ শুধু তাই নয়, মোবাইলে ছবি-ভিডিয়োর মাধ্যমে সেই মুহূর্তকে ধরে রাখার সুযোগও পাবে লোকজন ৷ বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম আন্তর্জাতিক স্পেস সেন্টারের আদলে একটি মডেল তৈরি করছে ৷ যার ভিতরে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে ৷ নিজেদের চোখে দেখতে পারবেন, কেমন হয় স্পেস সেন্টারের ভিতরটা ৷ বিআইটিএমের ফিজিক্স গ্যালারিতে এই রেপ্লিকা রাখা হবে ৷

International Space Station
মহাকাশ বিজ্ঞান নিয়ে বিশেষ গ্যালারি বিআইটিএমে ৷ (নিজস্ব ছবি ৷)

বিআইটিএমের কিউরেটর গবেষক রাকেশ মজুমদার বলেন, "মহাকাশে আমেরিকা, রাশিয়া, জাপানের মতো দেশের স্পেস সেন্টার রয়েছে ৷ প্রতিটি স্পেস সেন্টারের একে অপরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে ৷ যার এক একটির দৈর্ঘ্য প্রায় 10 মিটার ৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সির কলম্বাস মডিউলের আদলে বিআইটিএমের এই মডেল তৈরি হচ্ছে ৷

International Space Station
এমনই দেখতে হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজিক্যাল মিউজিয়ামের তৈরি মডেলটি ৷ (নিজস্ব ছবি ৷)

20 ফুট দৈর্ঘ্যের এই মডেলের ভিতর সুনীতা উইলিয়ামসের একটি মূর্তিও রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ আপাতত ছোট একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে ৷ কলম্বাস মডিউলের আদলে তৈরি করা হয়েছে ৷ সাধারণ মানুষের প্রবেশের জন্য দু’টি দরজা করা হবে ৷ একসঙ্গে দশজন প্রবেশ করতে পারবেন তার ভিতরে ৷ যদিও, বাস্তবে দু’টি দরজা থাকে না ৷ একই সঙ্গে আসল স্পেস সেন্টারের মতো জানালা, অ্যান্টেনা, সোলার প্যানেল রাখা হবে ৷ আগামী 6 মাস থেকে এক বছরের মধ্যে এই মডেল তৈরি হয়ে যাবে ৷"

International Space Station
বিআইটিএমে কলম্বাস অরবিটাল ফেসিলিটির রেপ্লিকা ৷ (নিজস্ব ছবি ৷)

শুধুই ছুঁয়ে দেখা, বা মুহূর্তকে মোবাইলে বন্দি করা ! তা কিন্তু নয় ৷ নতুন প্রজন্মের অনেকের মধ্যেই মহাকাশ বিজ্ঞান নিয়ে উৎসাহ বাড়ছে ৷ মহাকাশ গবেষণাকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কথাও ভাবছে অনেকে ৷ তাই এই ধরনের মডেল থাকলে, তারাও এসে হাতে-কলমে দেখতে ও শিখতে পারবে ৷ একইভাবে পড়ুয়াদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে বলে বিআইটিএমের এক আধিকারিক জানিয়েছেন ৷

উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অনেকগুলি অংশ রয়েছে ৷ যার এক একটিকে মডিউল বলা হয় ৷ আর সেগুলির আলাদা নামও রয়েছে ৷ সেগুলির মধ্যে উল্ল্যেখযোগ্য মডিউল হল-

জারিয়া মডিউল: উৎক্ষেপণ করা হয় 20 নভেম্বর 1998 সালে ৷

ইউনিটি মডিউল: 1998 সালের 4 ডিসেম্বর এটিকে উৎক্ষেপণ করা হয় ৷

জভেজদা মডিউল: উৎক্ষেপণ করা হয় 12 জুলাই, 2000 সালে ৷

ডেসটিনি ল্যাবরেটরি: এর উৎক্ষেপণ হয় 7 ফেব্রুয়ারি 2001-এ ৷

হার্মনি মডিউল: এটিকে মহাকাশে পাঠানো হয় 23 অক্টোবর 2007 সালে ৷

কলম্বাস অরবিটাল ফেসিলিটি: 2008 সালের 7 ফেব্রুয়ারি উৎক্ষেপণ হয় এটি ৷

জাপানি এক্সপেরিমেন্ট: যার উৎক্ষেপণ করা হয় 2008-2009 সালে ৷

মহাকাশ বিজ্ঞানে পিছিয়ে নেই ভারতও ৷ ইসরোর তরফে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনাকে বাস্তবায়িত করার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দেশীয় প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর উদ্দেশ্যে 'গগনযান' প্রকল্পের কাজ চলছে জোরকদমে ৷ উল্লেখ্য, সম্প্রতি সূর্যের এল-1 কক্ষপথে সফলভাবে আদিত্য এল-1’কে প্রতিস্থাপন করিয়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা ৷ তাও আবার প্রথম প্রয়াসে ৷ যার ফলে মহাকাশ বিজ্ঞানে এক ইতিহাস তৈরি করেছে ভারত ৷ এবার বিজ্ঞানীদের লক্ষ্য 'গগনযানে'র সাফল্য ৷