পরপর 3 রাউন্ড গুলি, চায়ের দোকানে খুন তৃণমূল কর্মী
বসিরহাটে চায়ের দোকানে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুন করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷

Published : June 17, 2025 at 3:14 PM IST
বসিরহাট, 17 জুন: তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটে । পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম আনার হোসেন গাজি (25)। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক ঘণ্টার মধ্যেই চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । রাতেই পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন । ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনার হোসেনের বাড়ি বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা গ্রামে । সোমবার রাতে তিনি এলাকার একটি চায়ের দোকানের সামনে মোটরবাইকে বসে মোবাইল ফোন দেখছিলেন । ওই সময় দোকানে 15-20 জন ছিলেন । আচমকা সেখানে একদল দুষ্কৃতী চড়াও হয় । আনার হোসেনকে লক্ষ্য করে তারা পরপর তিন রাউন্ড গুলি চালায় । গুলির শব্দে চায়ের দোকান থেকে যে যার মতো দৌড়ে পালিয়ে যান ।দুষ্কৃতীরা আনোয়ার হোসেনকে গুলি করার পর নিরাপদে হেঁটে সেখান থেকে চলে যায় ।

এরপর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আনার হোসেনকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । স্থানীয় সূত্রে খবর, আনোয়ার হোসেন অতীতে তৃণমূলের এক বিধায়কের দেহরক্ষী হিসেবে কাজ করতেন । পরে অবশ্য সে কাজ ছেড়ে মাঠে চাষবাস শুরু করেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শী, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সাদ্দাম হোসেন গাজি বলেন, "প্রতিদিনের মতো আমরা রাতে চায়ের দোকানে বসে গল্প করছিলাম । আচমকা সেখানে একদল দুষ্কৃতী চড়াও হয় । আনোয়ার হোসেন একটি মোটর বাইকের উপর বসেছিলেন । দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়েছে । গুলির শব্দ পেয়ে চায়ের দোকান থেকে সকলেই পালিয়ে যান । প্রথমে আমরা বুঝতে পারিনি । দুষ্কৃতীরা চলে যেতে দেখা যায়, আনার হোসেন ওই মোটর বাইকের পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পিছনে রাজনৈতিক কারণ সম্ভবত নেই । ব্যক্তিগত কোনও শত্রুতা থাকতে পারে । পুলিশ নিশ্চয় তদন্ত করে দেখবে বিষয়টি । আমরা চাই, খুনিরা দ্রুত ধরা পড়ুক ।"
এই বিষয়ে মৃত আনোয়ার হোসেনের কাকা ফজের আলি গাজি বলেন, "কারা আমার ভাইপোকে খুন করল তা বলতে পারব না । তবে, ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক যোগ আছে বলে আমার মনে হয় না । পুলিশকে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি ।"
এদিকে, দুষ্কৃতীরা কেন আনোয়ার হোসেনকে খুন করল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও । এ নিয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, "তৃণমূল কর্মী খুনের ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট থানায় । তার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ভোররাতে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । আশা করছি, বাকিদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে । ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, সবটাই খতিয়ে দেখছি আমরা । তদন্ত শুরু হয়েছে ।"
ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিতে মঙ্গলবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

