ETV Bharat / state

প্রপোজ ডে'তে বর্তমান ও প্রাক্তনকে কিল-চড়-ঘুসি প্রেমিকের! ঘনিষ্ঠ ছবি প্রকাশের হুমকি, ধৃত নাবালক

কথা বলতে এসে রাস্তায় ফেলে প্রাক্তন প্রেমিকাকে চড়, ঘুসি ও লাথি মারার অভিযোগ কিশোরের বিরুদ্ধে ৷ বাদ যায়নি বর্তমান প্রেমিকাও ৷ তার উপরও চলে প্রহার ৷

girls beaten up
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 8, 2025 at 8:12 PM IST

|

Updated : February 8, 2025 at 8:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 ফেব্রুয়ারি: প্রেমের প্রস্তাব দেওয়ার দিনে প্রকাশ্যে বর্তমান ও প্রাক্তন প্রেমিকাকে রাস্তায় ফেলে চড় ও ঘুসি থেকে লাথি মারার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত নাবালক ৷ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে শনিবার বেহালার পর্ণশ্রী থানা এলাকায় ৷ জখম দুই নাবালিকা সহপাঠী ৷ তারাও দশম শ্রেণির ছাত্রী ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (এসডব্লিউ) রাহুল দে ইটিভি ভারতকে বলেন, "অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি । পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।"

ঘটনার সূত্রপাত শনিবার দুপুর 2টো নাগাদ ৷ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে এক কিশোর ও দুই নাবালিকা কথা বলতে বলতেই তাদের মধ্যে বচসা শুরু হয় । এরপর তাদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্রীকে (প্রাক্তন প্রেমিকা) মারধর করতে থাকে নাবালক ৷ সে মেয়েটাকে জোরে একটা চড় মারে ৷ তারপর রাস্তায় ফেলে লাথি মারতে থাকে নাবালিকাকে ৷ তাতে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে । পেট কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়ে সে ৷

এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ৷ নাবালকের হাত থেকে তার প্রাক্তন প্রেমিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এখানেই ঘটনার শেষ নয়, সেসময় তার বর্তমান প্রেমিকাকেও ওই একই জায়গায় দাঁড়িয়ে চড়-থাপ্পড় মারতে থাকে বছর সতেরোর ওই কিশোর । কিন্তু বর্তমান প্রেমিকা প্রথমে ছেলেটির দোষ আড়াল করতে চাইলেও পরে মুখ খোলে সে ।

নাবালিকা বলে, "ছেলেটার প্রাক্তন প্রেমিকা আমারই বন্ধু । আমি পরে জানতে পারি । আজ তিনজনে কথা বলতে এখানে আসি আমরা । ওই মেয়েটির বাবা নেই । ওকে নানাভাবে এই ছেলেটা ব্ল্যাকমেইল করত । আজ ওই মেয়েটির সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় ছেলেটি ওকে মারধর করে ৷ ওই বান্ধবী আমাকে বলে যে আমার বাবাকে ডাকতে । একটু সাহায্য চেয়েছিল ও । আমি বাবাকে ফোন করে ডাকতে চাইলে ছেলেটি আমাকেও ব্ল্যাকমেইল করে । আমার সঙ্গেও ছেলেটির কিছু ঘনিষ্ঠ ছবি আছে ৷ ওর মোবাইলে রয়েছে সেই ছবিগুলো । সেইগুলো দিয়েই সে আমাকে ব্ল্যাকমেইল করে ৷"

স্বভাবতই অভিযুক্ত নাবালক ক্যামেরার সামনে কোনও কথা বলতে রাজি হয়নি ৷ অভিযোগ, সে ঘটনাস্থলেই বর্তমান প্রেমিকাকে ফের হুমকি দেয়, সব বললি তো দেখবি এবার কী হয় । ঘটনার পরে প্রাক্তন প্রেমিকার দিদি এসে তরুণকে চড়-থাপ্পড় মারতে থাকে ৷ তাঁকে থামায় স্থানীয়রা । এরপরে ঘটনাস্থলে হাজির হয় পর্ণশ্রী থানার পুলিশ । আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত নাবালক এবং তার আরেক সাগরেদকে ৷ সেই তরুণও মারধরের সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা গিয়েছে । পরে অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে পুলিশ ৷

Last Updated : February 8, 2025 at 8:34 PM IST