ETV Bharat / state

ডাম্পিং গ্রাউন্ড এখন অতীত, হাওড়া নিয়ে বড় ঘোষণা মন্ত্রী ফিরহাদের

বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয়ের পর কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে হাওড়া শহরের জঞ্জাল ৷

Howrah dumping ground
বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2025 at 5:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 মে: আর ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড নয় হাওড়াতে । এবার হবে ফ্যাক্টরি আর প্রোসেসিং প্ল্যান্ট । হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় বিপর্যয়ের দু'মাসের মাথায় বড় ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

চলতি বছরের মার্চ মাসের শেষে হাওড়া শহরের আবর্জনা ফেলার জায়গা বেলগাছিয়া ভাগাড়ে বড় ধরনের বিপর্যয় ঘটে । ধসের জেরে নিকাশি থেকে পানীয় জলের লাইন ফেটে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা । একের পর এক বাড়িতে ফাটল দেখা যায় । নিশ্চিহ্ন হয়ে যায় রাস্তা । বিপর্যয় তদন্ত করতে গিয়ে বেশকিছু ঘটনা সামনে আসে । তার মধ্যে অন্যতম কারণ হল, বছরের পর বছর আবর্জনা ফেলা হলেও তার কোনও প্রক্রিয়াকরণ হত না বেলগাছিয়ার ভাগাড়ে । মাত্রা পেরিয়ে আবর্জনার পাহাড় তৈরি হলে তার চাপেই নামে ধস ।

বড় ঘোষণা মন্ত্রী ফিরহাদের (নিজস্ব ভিডিয়ো)

ব্যাপক পরিমাণে দূষণ সৃষ্টি হত সেখানে । আপাতত কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে হাওড়া শহরের জঞ্জাল । পাশাপাশি বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প জায়গা চিহ্নিত করার কাজ দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছে পুর ও নগরোন্নয়ন দফতর । এদিকে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি নিকাশি পরিষেবার সংস্কার করার জেরে এখন ভাগাড় লাগোয়া এলাকার নিকাশি পরিস্থিতি স্বাভাবিক ।

এ বিষয়ে সোমবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "জায়গার অভাব রয়েছে । আমরা একটা বিকল্প জায়গা খুঁজছি । সেটা হয়তো হয়ে যাবে । আমরা উদ্যোগ নিয়েছি । ওখানে নিকাশির যে সমস্যা ছিল সেটা কেএমডিএ মিটিয়ে দিয়েছে । যেটার জন্যই ধস নেমেছিল । এখন হু হু করে জল বেরোচ্ছে । পার্মানেন্ট সলিউশন হচ্ছে প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা । সেটার জন্য আমরা জায়গা চিহ্নিত করেছি । কিছু সমস্যা রয়েছে, আমরা সেই এলাকার লোকজনকে বুঝিয়ে তারপর জায়গা নেব ।"

এর পরেই তিনি স্পষ্ট জানান, "ধাপার মাঠ আর ডাম্পিং গ্রাউন্ড এটা পুরনো কনসেপ্ট । এখন ফ্যাক্টরি হবে, প্রসেসিং প্লান্ট হবে, ময়লা নিয়ে এসে দুটো ভাগ হবে । একটা আরডিএফ, বিভিন্ন বর্জ্য পুড়িয়ে চারকোল তৈরি হবে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যাবে । আর যেগুলো ওয়েট ওয়েস্ট সেগুলো প্রসেসিং করে ফার্টিলাইজার বা জৈব সার তৈরি হবে এবং বায়ো গ্যাস তৈরি হবে ।"