ETV Bharat / state

রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে পঙ্গু করার চেষ্টা হচ্ছে, মিড ডে মিলের কেন্দ্রীয় রিপোর্টে ক্ষুব্ধ ব্রাত্য

কেন্দ্রের রিপোর্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেই মনে করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Bratya Basu
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 8:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জুন: ফের মিড ডে মিল নিয়ে বিতর্কে রাজ্য বনাম কেন্দ্র। রিপোর্ট দিয়ে কেন্দ্রের দাবি, সবাই মিড ডে মিল পাচ্ছে না। তার হিসাবও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য 1 কোটি 13 লক্ষ 44 হাজার 146 জন পড়ুয়া নথিভুক্ত করেছিল। কিন্তু, সেখানে মিড ডে মিল পেয়েছে 77 লক্ষ 91 হাজার 946 জন। অর্থাৎ, কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, নথিভুক্ত পড়ুয়ার মধ্যে 69 শতাংশ পড়ুয়ার পাতে পড়েছে মিড ডে মিল। এমনকি 2025-26 শিক্ষাবর্ষেও নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা কমে হয়েছে 80 লক্ষ। এবার তারই কৈফিয়ত চেয়েছে কেন্দ্র। 30 জুনের মধ্যে রাজ্যকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Mid Day Meal
মিড ডে মিলের কেন্দ্রীয় রিপোর্টে ক্ষুব্ধ ব্রাত্য (ইটিভি ভারত)

এবার কেন্দ্রের এই রিপোর্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ , রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হিসাব দিয়ে জানিয়েছেন, 2024-25 শিক্ষাবর্ষে PAB অর্থাৎ প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের অনুমোদিত বাজেট অনুযায়ী, 91 শতাংশ পড়ুয়া মিড ডে মিল পেয়েছে। সেটাই 2023-24 শিক্ষাবর্ষে ছিল 85 শতাংশ। তাই পশ্চিমবঙ্গে মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে যে 'গেল গেল' রব উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।

ব্রাত্য আরও জানান, 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষের বড় রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে মিড ডে মিলের অবস্থা যথেষ্টই ভালো। পশ্চিমবঙ্গে যেখানে MIS এন্ট্রি অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এনট্রি অনুযায়ী মিড ডে মিলের কভারেজ 69 শতাংশ, সেখানে বিহারে 42 শতাংশ, গুজরাতে 64 শতাংশ, রাজস্থানে 52 শতাংশ এবং উত্তরপ্রদেশে 64 শতাংশ।

এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেই মনে করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারেই এই রাজ্যে প্রথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কোনও 'স্কুল ছুট' নেই। তাছাড়া, এই রাজ্যে মোট পড়ুয়ার 88 শতাংশই সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে পড়ে। তাই উপরের পরিসংখ্যান থেকে সহজেই অনুমেয় যে, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যেই এইরকম প্রশ্নগুলি তোলা হচ্ছে।"

এবার মিড ডে মিলের রান্না সৌরশক্তিতে, স্বনির্ভর হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলি