ETV Bharat / state

সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ, ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিষেবা

শনিবার বেলা 12টা নাগাদ সেন্ট্রাল স্টেশনে মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনায় পরিষেবা ব্যাহত হয় ৷ ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা ৷

kolkata mtero
কলকাতা মেট্রো (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 1:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 জুলাই: আবারও ব্লু লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ ৷ নিজেকে শেষ করার চেষ্টা করলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে শনিবার ঠিক বেলা 12টায় নর্থ-সাউথ মেট্রো করিডোরের সেন্ট্রাল স্টেশনের আপ লাইনে । যার জেরে এদিন ফের ব্যাহত হয় মেট্রো পরিষেবা ।

যদিও রেলের দাবি, ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ 12টা 55 মিনিট প্রথম মেট্রো ছাড়ে ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পুরোপুরি আবারও মেট্রো চলাচল শুরু হয়েছে ৷ মেট্রোর সামনে ঝাঁপ দেওয়া বছর তিরিশের যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি সুস্থ রয়েছেন ৷ তবে যুবকের শরীরে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ৷

kolkata mtero
সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে (নিজস্ব ছবি)

সপ্তাহের শেষ দিন হলেও বেলা 12টা নাগাদ অনেকেই বিভিন্ন কাজের জন্য বেরোন । আর ঠিক এই সময় কলকাতা মেট্রোর ব্লু লাইনে সেন্ট্রাল স্টেশনে ওই যুবক চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ায় যাত্রীদের হয়রানিতে পড়তে হয় । খবর পাওয়া মাত্র মেট্রো কর্মী এবং ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার কাজ চালানো হয় ৷

kolkata mtero
ব্যাহত হয় মেট্রো পরিষেবা (নিজস্ব ছবি)

যুবককে উদ্ধার করার জন্য ওই সময় আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ কিছুক্ষণ পরে যাত্রীদের সুবিধার জন্য আংশিক রুটে মেট্রো চালানো হয় ৷ এই সময় ডাউন লাইনে ময়দান থেকে কবি সুভাষ এবং আপ লাইনে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হয় ।

kolkata mtero
মেট্রোর মধ্যে আটকে যাত্রীরা (নিজস্ব ছবি)

উল্লেখ্য, মেট্রো পরিষেবা নিয়ে বিতর্কে যেন আর শেষই হচ্ছে না । কখনও যান্ত্রিক ত্রুটির জন্য পরিষেবা বন্ধ ৷ আবার কখনও কোথাও বৃষ্টির জলে পরিষেবা ব্যাহত ৷ কখনও মেট্রো পরিষেবার ব্যাহতের কারণ লাইনে ঝাঁপ । গত সপ্তাহে 5 জুলাই যতীন দাস পার্ক স্টেশনে মেট্রো রেকে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হয়েছিল ৷ তার আগে 30 জুন মেট্রো স্টেশনে জল ঢুকে যাওয়ার কারণে পরিষেবা ব্যাহত হয় ৷ সেদিনই আবার মেট্রের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনাও ঘটে ৷ ঠিক দু'সপ্তাহের মাথায় ফের একই ঘটনা ঘটল ৷

kolkata mtero
যাত্রীরা হয়রানির শিকার (নিজস্ব ছবি)