সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন ! ঘণ্টা খানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
রবিবার সাতসকালে আগুন লাগল সন্তোষপুর রেলস্টশনে ৷ প্ল্যাটফর্মের ওপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।

Published : March 9, 2025 at 9:56 AM IST
সন্তোষপুর, 9 মার্চ: সাতসকালে আগুন লেগে বড়সড় বিপত্তি সন্তোষপুর স্টেশনে ৷ বজবজ-শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের 2 নম্বর প্লাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড! অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর রেল স্টেশনের 2 নম্বর প্লাটফর্মের উপরে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, প্রথম আগুন দেখা যায় সকাল 6.45 মিনিট নাগাদ। প্রথম স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে। চোখের পলকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও।
রবিবার সকালের এই ভয়ানক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ। পরপর বেশ কিছু দোকানে আগুন লাগায় মুহূর্তের মধ্যে তা ভয়ানক আকার নেয় । আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। স্থানীয়রা জানান, প্রায় 15-20টি দোকান আগুনে পুড়ে গিয়েছে । প্ল্যাটফর্মের ওপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
এদিকে, চলছে রমজান মাস ৷ সামনেই ইদ ৷ 15-20টি কাপড়-সহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের ৷ যুদ্ধকালীন তৎপরতায় দমকলকর্মীরা আগুন আয়ত্তে আনার কাজ করছেন। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল। সকাল থেকেই স্টেশনে অফিসযাত্রীদের ভিড়। হঠাৎ আগুন লাগার খবর ছড়াতেই স্টেশনে শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন যাত্রীরা।
দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

