শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন ঘন বিস্ফোরণের শব্দ সেক্টর ফাইভের কারখানায়
সেক্টর ফাইভের অগ্নিকাণ্ডে ফ্লেক্স তৈরির কারখানায় বিপুল পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল ৷ ঘটনাস্থলে দমকলের কমপক্ষে 6টি ইঞ্জিন ৷

Published : May 2, 2025 at 6:28 PM IST
কলকাতা, 2 মে: শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ৷ এবার সল্টলেকে সেক্টর ফাইভে একটি ফ্লেক্স তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে ৷ যেখানে একাধিকবার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে ৷ দমকলের ছ’টি ইঞ্জিনের দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
জানা গিয়েছে, শুক্রবার বেলা আড়াইটে নাগাদ সেক্টর ফাইভের ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ কিছুক্ষণের মধ্যেই কারখানাটি আগুনের গ্রাসে চলে যায় ৷ আতঙ্কে আশপাশের বহুতল থেকে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন ৷ কিন্তু, ততক্ষণে আগুন পুরোপুরি গ্রাস করে নেয় ওই কারখানাটিকে ৷ স্থানীয়রাই খবর দেন দমকলে ৷ শুরুতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে আরও দু’টি ইঞ্জিন যায় সেখানে ৷

ওই কারখানায় ফ্লেক্স তৈরি করা হতো ৷ ফলে সেখানে বিপুল পরিমাণে রাসায়নিক ও প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল ৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আর তা এতটাই দ্রুত যে, চার থেকে পাঁচবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ যার জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ তবে, কীভাবে এই আগুন লাগল তা জানা যায়নি ৷
উল্লেখ্য, এতটাই দাপট ও তাপ ছিল যে, শুরুতে আগুনের উৎসে পৌঁছতে পারেনি দমকল ৷ বাইরে থেকে কারখানার ভিতরে জল দেওয়া হয় ৷ এমনকি পাশের একটি নির্মীয়মাণ বহুতল থেকে পাইপে করে জল দিয়ে আগুন নেভানোর কাজ করে দমকল ৷
এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি বলেন, "দমকল খবর পেয়ে দ্রুত চলে এসেছিল ৷ আগুনের লেলিহান শিখা অনেকটা বেশি ছিল ৷ তাও এই মুহূর্তে তা অনেকটা কমানো গিয়েছে ৷"
উল্লেখ্য, সপ্তাহের শুরুতে বড়বাজারের মেছুয়া বাজারে একটি হোটেলে আগুন লাগে ৷ যে ঘটনায় দুই শিশু-সহ 14 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনার রেশ কাটার আগেই শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে ৷ চিনার পার্ক, নিউটাউনের পর এবার সল্টলেক সেক্টর ফাইভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷

