ETV Bharat / state

সুদখোরের চাপে ঋণ শোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি যুবকের

সুদখোরের চাপে টাকা শোধ করতে বাধ্য হয়ে স্ত্রীর কিডনি বিক্রি করলেন যুবক ৷ তার পরেও অধিক টাকার জন্য চাপ দেওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷

ETV BHARAT
গ্রেফতার সুদখোর বিকাশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 4:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

অশোকনগর, 23 মার্চ: সুদখোরের চাপে স্ত্রীর কিডনি বিক্রি করে দিতে বাধ্য হলেন এক গরিব যুবক ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে সুদখোর ব্যক্তিকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ । তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসত আদালত ৷

সংসার চালাতে গিয়ে দেনায় ডুবে গিয়েছিলেন ওই যুবক । পরিস্থিতি সামাল দিতে বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি চড়া সুদে টাকা ধার নেন ৷ সেই টাকা শোধ করতে না পারায় বিকাশ তাঁকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ । কিডনি বিক্রি করে টাকা শোধ করতে বলেন তিনি ৷ বিকাশেরই যোগাযোগের ভিত্তিতে তাঁর প্রবল চাপের কারণে স্ত্রীর কিডনি বিক্রি করে দেন যুবক । তারপরেও সুদখোর বিকাশ অত্যধিক টাকা দাবি করায়, অবশেষে ওই যুবক পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশ বিকাশকে গ্রেফতার করেছে ৷

সুদখোরের চাপে ঋণ শোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি যুবকের (নিজস্ব ভিডিয়ো)

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থানার হরিপুর ভৈরবতলার বাসিন্দা বিকাশ ঘোষ । তাঁর কাছ থেকে সুদে 60 হাজার টাকা ধার নেন অশোকনগরের এক যুবক । তিনি কয়েক মাসে বিকাশকে সুদের এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন ৷ কিন্তু আসলের 60 হাজার টাকা দিতে পারেনি । সেই টাকা ফেরত পেতে বিকাশ ঘোষ ওরফে শীতল তাঁর উপর প্রবল চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ ৷

যুবকের দাবি, তিনি বিকাশের কাছে তাঁর অসহায়তার কথা জানানোর পরও তাঁকে টাকা ফেরতের জন্য চাপ দেওয়া হয় এবং কিডনি বিক্রি করে টাকা পরিশোধের প্রস্তাব দেন বিকাশ । বাধ্য হয়ে অসহায় ঋণগ্রস্ত যুবক এবং তাঁর স্ত্রী ঠিক করেন, কিডনি বিক্রি করে দেনা শোধ করবেন । তখন কিডনি বিক্রির জন্য শীতল ঘোষ এক মহিলার সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেন । কথা হয় যে, 5 লক্ষ টাকার বিনিময়ে যুবকের স্ত্রী কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে তাঁর কিডনি হস্তান্তর করবেন ৷

ETV BHARAT
অশোকনগর থানা (নিজস্ব চিত্র)

অভিযোগকারী যুবকের আরও দাবি, কিডনি বিক্রি হয়েছে শুনে সুদখোর বিকাশ তাঁর কাছে ষাট হাজার টাকার পরিবর্তে এখন দুই লক্ষ টাকা দাবি করছেন এবং হুমকি দিচ্ছেন । অসহায় যুবক কোনও উপায় ভেবে না পেয়ে বৃহস্পতিবার অশোকনগর থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ সূত্রের খবর, যুবকের অভিযোগের ভিত্তিতে বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয় ৷

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে, এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে । নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক বলেন, কিডনি পাচারের একটি অভিযোগ হয়েছিল । অভিযোগ পেয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে পাঁচদিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদ চলছে ৷ এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়াকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।