পরপুরুষের সঙ্গে ঘর বেঁধেছেন স্ত্রী, রাগে জীবিত সহধর্মিণীর ‘শ্রাদ্ধ’ করলেন স্বামী
উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা ৷ এই নিয়ে শোরগোল পড়েছে এলাকায় ৷ কেউ বলছেন, অভিনব ঘটনা ৷ অনেকে আবার সমালোচনা করছেন ৷

Published : August 5, 2025 at 8:54 PM IST
হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 5 অগস্ট: ভালোবেসে বিয়ে করেছিলেন প্রেমিকাকে । কিন্তু, তিন বছরের মাথায় সেই ভালোবাসার মানুষই তাঁকে ছেড়ে চলে গিয়েছে পরপুরুষের সঙ্গে । তাই রাগে, ক্ষোভে জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন প্রাক্তন সেনাকর্মী ৷
এখানেই শেষ নয় । শ্রাদ্ধের পর হিন্দু শাস্ত্রের নিয়ম মেনে যজ্ঞ এবং পিণ্ডদান করেন তিনি ৷ ওই ব্যক্তির দাবি, এভাবে তিনি জীবনের এক অধ্যায় শেষ করলেন ৷ তাই এতটুকুও অনুতপ্ত নন অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী ।

মঙ্গলবার এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থেকেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ । এই ঘটনায় যথারীতি আলোড়ন পড়ে গিয়েছে এলাকায় । অনেকেই এই ঘটনাকে 'অভিনব' বলেই অ্যাখা দিয়েছেন । তাঁদের মতে, সুস্থ সমাজে পরকীয়ার ঘটনা কখনোই কাম্য নয় । এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি বাড়ছে । কখনও স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে স্বামীকে । আবার স্বামী স্ত্রীকে ছেড়ে সংসার বাঁধছে অন্য মহিলার সঙ্গে । তাই, পরকীয়ার ঘটনা বন্ধ হওয়া উচিত । অনেকে আবার সমালোচনাও করেছেন ৷
জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা বছর 35-র এক মহিলার সঙ্গে প্রাক্তন ওই সেনাকর্মীর আলাপ হয়েছিল সোশাল মিডিয়ার সূত্রে । বছর তিনেক আগে সেই আলাপ থেকে শুরু হয় দু'জনের মধ্যে কথাবার্তা । অল্পদিনের মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । তারপর, তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ে করার । তবে, সেই বিয়েতে বাধ সাধেন ওই মহিলার পরিবার । নেপথ্যে ছিল প্রাক্তন সেনাকর্মীর বয়স ।
তাঁর বয়সের কারণে প্রেমিকার পরিবারের আপত্তি ছিল বিয়েতে । যদিও যাবতীয় বাধা বিপত্তি পেরিয়ে শেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা । বিয়ের পর সুখে শান্তিতেই কাটছিল তাঁদের দাম্পত্য জীবন । কিন্তু, তারই মধ্যে অবসরপ্রাপ্ত ওই সেনাকর্মী জানতে পারেন, সোশাল মিডিয়ায় পরপুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন তাঁর স্ত্রী । এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় বলে অভিযোগ । এরপর আচমকাই একদিন গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তাঁর স্ত্রী । শুরু হয় খোঁজ । স্ত্রীর সন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন, ওই মহিলা ঘর বেঁধেছেন অন্য কারও সঙ্গে ।
ভালোবেসে বিয়ে করার পরেও এই ‘বিশ্বাসঘাতকতা’ কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী । তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে বাড়িতে পুরোহিত ডেকে তিনি আয়োজন করেন জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’ । স্ত্রীর ছবিতে মালা দিয়ে ধর্মীয় রীতি-নীতি মেনে মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান করেন । এমনকী, জীবিত স্ত্রীর ছবিও পুড়িয়ে দেন তিনি । শ্রাদ্ধ-শান্তি সম্পন্ন করার পর গ্রামবাসীদের হাতে হাসিমুখে মিষ্টিও বিলি করেছেন বছর পঞ্চাশের এই ব্যক্তি ।
এদিকে, এই ঘটনায় যথেষ্ট আলোড়ন তৈরি করেছে সমাজের বুকে । অনেকে এই কাজের সমালোচনাও করেছেন ৷ যদিও তাতে এতটুকু বিচলিত নন প্রাক্তন সেনাকর্মী । তিনি বলেন, "আমার কাছে স্ত্রী মৃত । যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন । তার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না । তাই পুরোহিত ডেকে ধর্মীয় আচার মেনে তাঁকে বিদায় জানালাম । ওর সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভালো ।"
অন্যদিকে, এই ঘটনা ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় । কেউ বলছেন, এমন ‘শ্রাদ্ধ’ নজিরবিহীন ৷ আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয় । সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুঁড়ে দিল, প্রেমে বিশ্বাসভঙ্গের মূল্য কি এমনই হবে ?

