এক কাঠা বসত ভিটে লিখে না-দেওয়ায় মাকে ইট দিয়ে থেঁতলে খুন করল ছেলে !
এক কাঠা বসত ভিটে লিখে না-দেওয়ায় নিজের মাকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ বর্তমানে তিনি পলাতক ৷

Published : July 6, 2025 at 12:57 PM IST
সূতি, 6 জুলাই: এক কাঠা জমি লিখে না-দেওয়ায় নিজের নিজের মাকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে । শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর গ্রামে ।
পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম আরমানি বিবি (70)। মাকে খুন করার পরেই পলাতক মৃতের একমাত্র ছেলে অভিযুক্ত মংলু শেখ । জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, "পরিবারের পক্ষ থেকে খুনের মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । অভিযুক্ত পলাতক । তাঁর খোঁজে তল্লাশি চলছে ।"

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আগেই মায়ের নামে আসা আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছিল মংলু শেখ । সেই টাকার কিছুটা চাইতে গেলে ছেলের হাতে প্রহৃত হন আরমানি বিবি । তাঁর মায়ের নামে দেড় কাঠা বসত ভিটে রয়েছে । তার মধ্যে আধ কাঠা নিজের ছোট মেয়েকে বিয়েতে দেন আরমানি বিবি । বাকি এককাঠা জায়গা নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই ছেলে মংলু শেখ চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ ৷ বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি ।
অভিযোগ, মায়ের নামে থাকা দেড়কাঠা জায়গা নিজের নামে লিখে নিতে চেয়েছিলেন ছেলে । কিন্তু মা শুধু ছেলেকে না-দিয়ে এক মেয়েকে আধ কাঠা জমি লিখে দেন । তাতেই ক্ষোভ বাড়তে থাকে ছেলের । শনিবার খাওয়া দাওয়া হওয়ার পর রাত দশটা নাগাদ নিজের বাড়িতেই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আরমানি বিবি । অভিযোগ, তখনই হঠাৎ করে বাইরে থেকে এসে ঘুমিয়ে থাকা অবস্থায় মাকে ইট দিয়ে থেঁতলে খুন করে ছেলে মংলু ।

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিবারের অন্যান্য সদস্যরা এবং আশপাশের লোকজন তাঁকে মহেশাইল হাসপাতালে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক আরমানি বিবিকে মৃত বলে ঘোষণা করেন । মাকে খুন করার পরেই বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত মংলু শেখ । ইতিমধ্যেই সুতি থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত ছেলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ । ঘুমিয়ে থাকা অবস্থায় গর্ভধারিণী মাকে এভাবে খুন করায় অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী । পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।
মৃতের বড় মেয়ে রফিয়া বিবি বলেন, "বোনের বিয়ের সোনার চেন দেওয়া বাকি ছিল । তার জন্য তাঁকে আধকাঠা জমি লিখে দেন মা । বাকি জায়গা লিখিয়ে নিতেই খুন করা হয়েছে ।"

