ETV Bharat / state

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়ায় চরম পরিণতি ! ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন

মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে ব্ল্যাকমেল করা হতো ৷ টাকা নেওয়া হতো ৷ অভিযুক্ত মহিলা পলাতক ৷

man body recovered
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 3:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শান্তিপুর (নদিয়া), 7 জুন: বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া ! তার জেরেই বছর 42-এর এক ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ঢাকাপাড়া এলাকায় ৷ মৃতের নাম অমর দেবনাথ (42) ৷ মৃতের স্ত্রীর দাবি, যে মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন অমর, সেই মহিলা ব্ল্যাকমেল করত ৷ তার জেরেই তিনি এই চরম পদক্ষেপ করলেন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অমর এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ৷ এক বন্ধুর সূত্রে ওই মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল অমরের ৷ ওই মহিলার মেয়ের সঙ্গে অমরের বন্ধুর প্রেমের সম্পর্ক রয়েছে ৷ সেই সূত্রেই আলাপ হয়েছিল ৷

পরকীয়ার থেকে নিস্তার পেতে জীবন শেষ ব্যক্তির! (ইটিভি ভারত)

পরিবারে অশান্তি চললেও দুই বন্ধুর সঙ্গে মা-মেয়ের প্রেম বেশ চলছিল ৷ কিন্তু শনিবার সকালে অমরের ঝুলন্ত দেহ উদ্ধারের পর পুরো বিষয়টিই অন্যদিকে মোড় নিল ৷ কাঠগড়ায় সেই মহিলা ৷ তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের সারবত্তা কতটা, তা এখনও স্পষ্ট নয় ৷ তাঁরও কোনও বক্তব্য মেলেনি ৷ কারণ, ঘটনার পর থেকেই তাঁর বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷

এদিকে শনিবার সকালে অমরের পরিবারের দেওয়া খবরে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ উদ্ধার করে ঝুলন্ত দেহ ৷ অমরের পরিবারের লোকেরা দেহ প্রথমে দেখে ৷ সেই সময় তাঁর স্ত্রী দীপা অধিকারী দেবনাথ বাড়িতে ছিলেন না ৷ পরে তিনি ঘটনাস্থলে আসেন ৷ তিনি বলেন, "গত ছয় মাস ধরে আমাদের সংসারে অশান্তি চলছে । আমার স্বামীর এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । তার বন্ধুর সঙ্গে ওই মহিলার মেয়ে প্রেম করত । সেই সূত্র ধরে ওই মেয়ের মায়ের সঙ্গে আমার স্বামীর পরিচয় হয় । আমি অনেক মানা করেছি ৷ কিন্তু ও কোনও কথা শুনত না । ওই মহিলা যা বলতো ও তাই করত ।"

তিনি আরও বলেন, "শান্তিপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ওই মহিলা বেশ কিছুদিন যাবত ব্ল্যাকমেলিং করে আমার স্বামীর কাছ থেকে টাকা আদায় করছিল ৷ দিন দিন সেই টাকার চাহিদা বেড়েই যাচ্ছিল ৷ ওই মহিলা আমার স্বামীকে সংসার ছেড়ে বেরিয়ে আসতে বলে ৷ কিন্তু আমার স্বামী তাতে রাজি হয়নি ৷ এই নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যেও ঝামেলা হয় ৷ আমি বাপের বাড়িতে ছিলাম ৷ আজ সকালে খবর পাই ওই মহিলার ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে নিস্তার পেতে আমার স্বামী চরম সিদ্ধান্ত নিয়েছে । আমি চাই ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দিক প্রশাসন ।"

মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৈজ্য বলেন, "পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । আদৌ প্রেম গঠিত কারণে এই ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ।"