'বিনিয়োগে আগ্রহী টাটারা', ইউরোপে সরাসরি বিমানের আর্জি মমতার
তাঁর সঙ্গে কথা হয়েছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের ৷ তাঁরা বাংলায় বিনিয়োগে আগ্রহী ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী ৷

Published : February 5, 2025 at 7:46 PM IST
কলকাতা, 5 ফেব্রুয়ারি: সিঙ্গুর পর্বের তিক্ততা অতীত । বাংলায় বিনিয়োগে আগ্রহী টাটা গোষ্ঠী । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইতিমধ্যেই টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে তাঁর কথা হয়েছে । তিনিও এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসতে আগ্রহী ছিলেন । তবে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে । তাই তিনি আসতে পারেননি । তবে তিনি সিইওর নেতৃত্বে বিগ ডেলিগেশন পাঠিয়েছেন । একই সঙ্গে তিনি কথা দিয়েছেন, আগামীতে তিনি দেখা করতে আসবেন । সে সময় বাংলায় বিনিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করবেন । মুখ্যমন্ত্রী জানান, তারাও আগামী দিনে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী ।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি শুধু তাঁকে (নটরাজন চন্দ্রশেখরন) একটি বিষয় অনুরোধ করেছি ৷ পশ্চিমবঙ্গ পূর্ব ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে । অথচ এই বাংলা থেকে সরাসরি ইউরোপে যাওয়ার কোনও ফ্লাইট নেই । তিনি যদি বাংলা থেকে সরাসরি ইউরোপে যাওয়ার কোনও ফ্লাইটের ব্যবস্থা করেন, তার জন্য অনুরোধ থাকবে ।" মুখ্যমন্ত্রী জানান, চন্দ্রশেখরন কথা দিয়েছেন, তাঁর আর্জি পূরণের চেষ্টা করবেন ।
নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এদিন থেকেই দু'দিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে । ওই বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের প্রতিনিধিদের পাশাপাশি হাজির রয়েছেন 20টি দেশের রাষ্ট্রদূত । সম্মেলনের প্রথম দিনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি, জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল, আইটিসির চেযারম্যান সঞ্জীব পুরী-সহ শিল্পজগতের দিকপালরা । ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ।
প্রত্যেকেই এই মঞ্চ থেকে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন । আর সেখানেই মুখ্যমন্ত্রীর টাটা গোষ্ঠীর বাংলায় বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন ৷

