ETV Bharat / state

সোমে মুর্শিদাবাদ গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে মমতা দেখা করবেন মঙ্গলে

সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ তবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মঙ্গলবার ৷

ETV BHARAT
সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 7:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: দিঘা সফর শেষ করে গতকালই কলকাতায় ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর গন্তব্য মুর্শিদাবাদ । আগামী 5 মে, অর্থাৎ সোমবার তিনি সেখানে যাবেন বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতা করে হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নবাবের শহর ৷ ঘটে প্রাণহানিও । এরপরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, উপযুক্ত সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন । উত্তপ্ত পরিস্থিতিতে তিনি সেখানে যেতে চান না বলে জানিয়েছিলেন । পুলিশ ও প্রশাসন হিংসা-দীর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজ করছে । সেই কাজ সম্পন্ন হলেই তিনি মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।

সেইমতো, মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নির্ধারিত ছিল । ঠিক হয়েছিল, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন । পরে জানা যায়, 5 মে মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী ৷ তবে পরিবারগুলির সঙ্গে তিনি দেখা করবেন 6 মে, অর্থাৎ আগামী মঙ্গলবার ।

প্রশাসনিক সূত্রে খবর, ওই দিনই মুখ্যমন্ত্রী অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের অর্থ ও বাড়ি নির্মাণের অনুদান তুলে দেবেন । সামশেরগঞ্জে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে । সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশ দিতে পারেন ।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে, যার জেরে তিনজনের মৃত্যু হয়েছে । রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের জন্য 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দেওয়া হবে । এছাড়া যাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এই সব বিষয়ে পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে । এখনও পর্যন্ত নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সুতির ছাবঘাটি কেডি বিদ্যালয় মাঠেই প্রশাসনিক সভার স্থান নির্ধারিত হয়েছে ।

উল্লেখ্য, মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির মধ্যে বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কেন মুর্শিদাবাদ যাচ্ছেন না ! এবার যখন মমতা মুর্শিদাবাদে যাচ্ছেন, তাই তাঁর এই সফর শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা ও সামগ্রিক অশান্তি নিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের ।