না জেনে ফর্ম ফিলাপ করবেন না, এনআরসির নোটিশ পাঠিয়ে দেবে : মমতা
ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে একাধিক বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটার তালিকা থেকে নাম বাতিল ও এনআরসি, সবই উঠে এল বক্তব্যে ।

Published : August 7, 2025 at 9:41 PM IST
ঝাড়গ্রাম, 7 অগস্ট: না জেনে ফর্ম ফিলাপ করলে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে । ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে বৃহস্পতিবার সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন তিনি বলেন, "কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিলাপ করুন । না জেনে ফর্ম ফিলাপ করবেন না । আপনার ডিটেইলস নিয়ে গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে । তারপর এনআরসির নোটিশ ধরিয়ে দেবে । আমরা মানব না । আমরা চাই আদিবাসী আর তফশিলি, যেই হোক সবার ভোটার লিস্টে নাম তুলতে হবে । এত মানুষ আছেন শুনে রাখুন, যাঁরা ভাবছেন আপনার ভোটার কার্ড আছে আর কিছু করতে হবে না তা কিন্তু হবে না । নিয়মটা পাল্টে দিয়েছে । আবার নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে । ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা আগের লিস্ট দেখলে হবে না । নতুনভাবে গিয়ে ক্রসচেক করতে হবে । এখন যদি বলে 2002 সালে 18 বছর বয়স হয়েছে । 46 বছর আগে করা বাবা ও মায়ের জন্ম শংসাপত্র জোগাড় করতে হবে । যাঁরা বলছে তাঁদের আছে তো ? জিজ্ঞাসা করুন, যাঁরা আইন করছে, তাঁদের আছে তো । তাঁরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তাঁরা কী করে বুঝবেন খেটে খাওয়া মানুষের কথা, গরীব মানুষের কথা ।"

বাংলা ভাষা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য :
তাঁর কথায়, "বলছে বাংলা বলে কোনও ভাষা নেই । রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন ? বিরসা-মুন্ডা, রঘুনাথ মুর্মু প্রত্যেকে নিজের ভাষায় কথা বলতেন । প্রত্যেক ভাষার একটা সম্মান আছে । ভাষা তাঁর গর্ব । অপদার্থগুলো বলছেন বাংলা ভাষা বলে কোনও ভাষা নেই । এদের কী বলব বলুন । কোনও কথা বললেও নীরবে বুকটা ফেটে যায় । কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বললেও আমি বাজে কথা বলতে পারি না । এজন্য আমরা দুঃখিত, মর্মাহত, স্তম্ভিত । আজকে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে । প্রায় দু'হাজার জনকে ফিরিয়ে এনেছি । গুঁরগাওতে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে । অসম, রাজস্থানে রেখে দেওয়া হয়েছে । মধ্যপ্রদেশে অত্যাচার চলছে । মধ্যপ্রদেশের একটি আদিবাসী মেয়ে, তাঁর বাড়ি বাংলায়, তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে । দলিতদের উপর অত্যাচার চলছে । ইলেকশনের আগে এসে বলবে টাকা নাও ভোট দাও । এটা ডাবল ইঞ্জিন সরকারের চক্রান্ত চলছে । মানুষের নাম বাদ দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া । বাংলা ভাষায় কথা বললেই বলছে, তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি । কেউ অলচিকি ভাষায় কথা বললে আমি তাঁকে বলতে পারি, তুমি এখানকার লোক না রোহিঙ্গা । রোহিঙ্গা খায় না মাথায় দেয়, ওটা তো মায়নমার । আলাদা দেশ । তার ভাষা আলদা । জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা ?"
বাংলা বললেই অত্যাচার :
মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাংলায় কথা বলেছে বলে মতুয়াদের উপর মুম্বইতে অত্যাচার করা হল । খুন করে বস্তায় ভরে দেওয়া হল । প্রতিবাদ আমরা না করলে কে করবে ? যাঁরা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন । ইন্দো-বাংলা যুদ্ধের পরে তাঁরাও ভারতের নাগরিক । যাঁরা ভারতের নাগরিক তাঁদের তুমি কেন বাংলাদেশে পাঠাবে ? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, এটা আমাদের হাতে নেই । এটা তোমাদের হাতে আছে । অসম সরকার খেতে দিতে পারে না । সে কোচবিহার ও আলিপুরদুয়ারকে চিঠি পাঠাচ্ছে । আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে প্রাণ দিল, জীবন দিল, দেশ বাঁচাল । আজকে বিদেশি বলছে । তার মানে তুমি একা স্বদেশী । তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল ? যদি আমায় বলেন, আমি 1999 সালে কংগ্রেস করতাম । আমার পিতৃপুরুষরা জানতেন । এ জিনিস আমরা মানব না । বরদাস্ত করব না । লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা রুখে দাঁড়াবেন । আগামী দিন ঐক্যবদ্ধ ও জোট বদ্ধ থাকতে হবে ।"

পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা :
পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না । বাইরে কাজ করার দরকার নেই । ডাবল ইঞ্জিন বলে, বাংলায় কাজ পাচ্ছে না বলে বাইরে কাজ করছে । আমি বলছি, ওদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে । ওদের কোয়ালিটি আছে বলে । আমাদের এখানে তো দেড় কোটি বাইরের লোক কাজ করে । আমরা তো তাদের সম্মান করি । বাংলা বললেই কেন অত্যাচার করবে, সন্ত্রাস করবে । এই অত্যাচার সহ্য করবেন না ।"
চাকরিহারাদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী :
চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "তাঁরা যাতে চাকরি ফিরে পায়, সেজন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে । গ্রপ সি-গ্রুপ ডি-র বিজ্ঞপ্তি বের হবে । সব ব্যাপারে বিজেপি আদালতে চলে যাচ্ছে । আর ভোট আসলেই নোট ।"
বাংলা যে পুরনো ভাষা তা বোঝাতে দশ টাকার নোটের কথা বললেন মুখ্যমন্ত্রী :
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "1912 সালের 10 টাকার নোটে বাংলা লেখা রয়েছে । বাংলা অনেক পুরনো ভাষা । এই বলে নিজের মোবাইল ফোনে থাকা দশ টাকার নোটের ছবিটি সাংবাদিকদের দিকে দেখান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, আমি গতকাল একটা ছবি দেখছিলাম দশ টাকার নোটের । 1912 সালে দশ টাকার নোটে বাংলায় লেখা আছে । আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনও ভাষা নেই । এত পুরাতন ভাষা । ঐতিহ্যশালী ভাষা । হিন্দি ছিল না । হিন্দি থাকুক আমার অপত্তি নেই । এখন বলছে বাংলা ভাষার অস্তিত্ব নেই । আমরা এ দেশের নাগরিক । বাংলা আমাদের গর্ব ।"

