ETV Bharat / state

গোয়ালতোড়ে রাজ্যের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন, শিল্প ও কর্মসংস্থানে জোর মুখ্যমন্ত্রীর

গোয়ালতোড়ে রাজ্যের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাপবিদ্যুৎ নিয়েও বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ।

ETV BHARAT
সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 22, 2025 at 2:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মেদিনীপুর, 22 এপ্রিল: শালবনির পর এবার গোয়ালতোড় । মঙ্গলবার মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজ্যের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জার্মান সংস্থার সহায়তায় প্রায় এক হাজার একর জমিতে 112 মেগাওয়াটের সৌর প্রকল্প তৈরি হয়েছে গোয়ালতোড়ে । রাজ্যের দাবি, পূর্ব ভারতে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র ।

এই প্রকল্পের আশি শতাংশ অর্থ এসেছে জার্মানি থেকে, বাকি 20 শতাংশ দিয়েছে রাজ্য সরকার । পাশাপাশি আরও 100 মেগাওয়াট ক্ষমতায় এক্সপ্যানশনের আশ্বাসও পেয়েছে রাজ্য । মুখ্যমন্ত্রীর মন্তব্য, "যত বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, ততই বিদ্যুতের দাম কমবে ।"

একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন বর্তমানে পৌঁছে গিয়েছে 2912 মেগাওয়াটে । ভবিষ্যতে কংসাবতী ও মুকুটমণিপুরে 200 মেগাওয়াট, বক্রেশ্বরে ফ্লোটিং সোলার প্লান্টের মাধ্যমে আরও 200 মেগাওয়াট এবং পুরুলিয়ায় 1000 মেগাওয়াটের সৌর প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ।

তাপবিদ্যুৎ ক্ষেত্রেও এদিন বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । শালবনিতে আটশো মেগাওয়াট করে দুটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হয়েছে, যেখানে 15 হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে দাবি করেছেন তিনি । একইসঙ্গে সেখানে 2000 একর জমিতে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এদিন মেদিনীপুরের অনুষ্ঠানে একযোগে 321টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । যার মধ্যে 1850 কোটি টাকার 212টি প্রকল্প উদ্বোধন এবং 391 কোটি টাকার 109টি প্রকল্পের শিলান্যাস হয় । এই প্রকল্পগুলির মাধ্যমে আট লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে দাবি রাজ্যের ।

উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ কেউ প্রশ্ন করেন শিল্প কোথায় ? শিল্প মানে শুধু গগনচুম্বী কারখানা নয়, শিল্প মানে কর্মসংস্থান, মানুষের জীবনে স্থায়ী অর্থনৈতিক ভিত । গল্প দিয়ে জীবন শুরু হয়, কিন্তু সেই গল্প থেকেই গড়ে ওঠে ভবিষ্যৎ ।"

মুখ্যমন্ত্রী জানান, সাতটি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, যার মধ্যে ইতিমধ্যেই 13 লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে । শালবনির প্রকল্পেই বিনিয়োগ হয়েছে 16 হাজার কোটি টাকা । এছাড়া বানতলা চর্মনগরী তৈরি হবে । আবার এই জিন্দাল গোষ্ঠী শালবনিতেই দুই একর জমির উপর তৈরি করছে শিল্প পার্ক ।

শিক্ষা ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "স্কিল ইন্ডাস্ট্রিতে আমরা এখন দেশের সেরা । আইটিআই ও পলিটেকনিক থেকে 10 লক্ষেরও বেশি ছেলেমেয়ে চাকরি পেয়েছে । ভবিষ্যতেও শিল্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে ।"

‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । কেন্দ্র এই প্রকল্প বন্ধ করলেও রাজ্য সরকার ইতিমধ্যেই 12 লক্ষ বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে । মে মাসে দ্বিতীয় কিস্তি আসবে । নতুন করে আরও 16 লক্ষ বাড়ি রাজ্য সরকার নির্মাণ করবে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে । মুখ্যমন্ত্রীর মন্তব্য, "এই প্রকল্প মানুষের অধিকার, কেউ যদি এক পয়সাও চায়, সরাসরি থানায় যান । এটা বাংলার গর্বের কাজ, মানুষকে মাথা গোঁজার ঠাঁই দেওয়াই আমাদের দায়িত্ব ।"

এই পুরো কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যজুড়ে শিল্প, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষার পরিকাঠামোকে আরও মজবুত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।