নাবালিকাকে ধর্ষণ করে যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে নির্যাতন-খুন, যাবজ্জীবন প্রেমিকের
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে নির্যাতন ৷ পরে শ্বাসরোধ করে খুন ৷ দোষী যুবকের বাবাকে বেকসুর খালাস আদালতের ৷

Published : September 1, 2025 at 6:25 PM IST
মালদা, 1 সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা পকসো আদালত ৷ 13 জনের সাক্ষীর ভিত্তিতে দোষী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন পকসো কোর্টের বিচারক রাজীব সাহা ৷ এই ঘটনায় দোষী যুবকের বাবাকে বেকসুর খালাস করেছে আদালত ৷
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল 2022 সালের 18 জুন ৷ সেদিন মালদা থানা এলাকার ওই যুবক তাঁর নাবালিকা প্রেমিকাকে কাকিমার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ এরপর এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে ওই নাবালিকাকে ধর্ষণ করে সে ৷ পরে যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয় ৷ শেষে শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করে সে ৷
প্রমাণ লোপাট করতে ইট বেঁধে মৃতদেহ পুকুরে ফেলে দেওয়া হয় ৷ পরের দিন এই ঘটনায় নাবালিকার মা মালদা থানায় ওই যুবক ও তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ জেরায় ধৃত যুবক নিজের কৃতকর্মের কথা স্বীকার করে ৷ এরপর ডুবুরি নামিয়ে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয় ৷
সেই ঘটনায় 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ যার ভিত্তিতে সোমবার মালদা জেলা আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করে ৷ সরকারি পক্ষের আইনজীবী অসিতবরণ বোস বলেন, "নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ নাবালিকার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় ৷ কিন্তু, ঘটনার রাতে সামিম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে নির্যাতন চালায় ৷ পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সে ৷ প্রমাণ লোপাট করতে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল ৷"
আইনজীবী বলেন, "এই ঘটনায় 13 জনের সাক্ষ্যের ভিত্তিতে আজ মালদা জেলা আদালত যুবককে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুর খালাস করেছে ৷ পকসো কোর্টের বিচারক রাজীব সাহা দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন ৷ ওই টাকা নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে দেওয়া হবে ৷"

