ETV Bharat / state

দেশপ্রিয় পার্ক থেকে গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত

এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

ETV BHARAT
গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 19, 2025 at 2:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 সেপ্টেম্বর: হরিদেবপুর গণধর্ষণ-কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস । বৃহস্পতিবার গভীর রাতে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । এর আগে এই মামলার অপর এক অভিযুক্ত চন্দন মালিককে বর্ধমান স্টেশন থেকে পাকড়াও করেছিল হরিদেবপুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "বিষয়টি গুরুত্বপূর্ণ । ফলে তদন্ত চলছে । জেরার প্রয়োজন আছে । আগে নিজেদের হেফাজতে নিই । তারপর বলব ৷"

অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে চন্দন মালিকের সঙ্গে তরুণীর পরিচয় হয় । নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় পুজো কমিটির কর্তা বলে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান চন্দন । সেই সূত্রেই তরুণীর সঙ্গে দেবাংশু বিশ্বাসের আলাপ হয় এবং তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে । চলতি মাসের পাঁচ তারিখ ছিল তরুণীর জন্মদিন । ওই দিন রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে চন্দন মালিক আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন ওই তরুণী ।

অভিযোগ, সেখানেই চন্দন মালিক ও তাঁর বন্ধু দেবাংশু বিশ্বাস মিলে তরুণীকে ধর্ষণ করেন । শুধু তাই নয়, ঘটনার পর তাঁকে দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ । কোনওরকমে সেখান থেকে পালিয়ে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানান নির্যাতিতা । পরদিন পরিবারের পরামর্শে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

ঘটনার পর থেকেই চন্দন মালিক আত্মগোপন করে ছিলেন । অবশেষে মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয় । অন্যদিকে, মূল অভিযুক্ত দেবাংশু ওরফে দীপকে খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছিল পুলিশ । বৃহস্পতিবার রাতে দেশপ্রিয় পার্কে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । আজ শুক্রবার ধৃত দেবাংশুকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

উল্লেখ্য, সম্প্রতি কসবার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যে ৷ তারও আগে বহুল চর্চিত আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশ । মহানগরীতে পরপর এমন নৃশংস ঘটনার জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ।