মমতাকে দেখে শেখা উচিত ! কুম্ভ-কাণ্ডে বিজেপি সরকারকে নিশানা পরমাত্মানন্দজি’র
কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুললেন মহা মণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ । প্রশংসায় ভরালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

Published : January 30, 2025 at 7:39 PM IST
কলকাতা, 30 জানুয়ারি: কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর জন্য উত্তরপ্রদেশ সরকারের অবহেলাকেই দায়ী করলেন পঞ্চায়েতি মহানির্মাণ আখড়ার মহা মণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ । তিনি বলেন, ‘‘কুম্ভ মেলায় যাওয়ার জন্য যে পরিমাণে প্রচার হয়েছে, তার তুলনায় ব্যবস্থাপনা অনেক কম ছিল । মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলাকে আগের চেয়ে অনেক উন্নত করেছেন ।’’
মহাকুম্ভে তিনটি শাহি স্নান করা হয়। এই তিনটি স্নানের মধ্যে মুখ্য হল মৌনী অমাবস্যা তিথির পুণ্য স্নান । ওই দিনই প্রয়াগরাজে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পুণ্যার্থীর । আর এই ঘটনার পরেই সরব হয়েছেন বিরোধীরা । এবার কটাক্ষ করতে শোনা গেল পঞ্চায়েতি মহানির্মাণ আখড়ার স্বামী পরমাত্মানন্দজি মহারাজকেও ।
|
ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘মহাকুম্ভে যাওয়ার জন্য ঢালাও প্রচার করা হলেও পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে যে যোগী আদিত্যনাথের সরকার যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি, তা এই ঘটনা থেকেই প্রমাণিত । প্রশাসনের পক্ষ থেকে বহুল প্রচার করা হয়েছিল । সেই অনুযায়ী অনেক ভক্তরা কুম্ভ মেলায় পৌঁছেছেন । কিন্তু প্রশাসনের তৎপরতা তেমন ছিল না । পুলিশ নিশ্চয়ই ছিল, কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল না । ঘোড়সওয়ার বাহিনী আরও বেশি করে দেওয়া উচিত ছিল । বিশেষ করে মৌনী অমাবস্যার স্নান হল প্রধান স্নান। ওই সময় প্রশাসনের কড়া নজরদারি থাকা প্রয়োজন ছিল । আরও সতর্কতার প্রয়োজন ছিল । আরও একটু আন্তরিকতা থাকলে কুম্ভ মেলাটা হয়তো আরেকটু গোছানো হত । বিশেষ করে সাগর মেলাকে দেখে যদি তার কিছুটা প্রতিফলন দেখানো যেত, তাহলে মনে হয় কুম্ভ মেলা সব দিক থেকে সুন্দর হত ।’’
পাশাপাশি তিনি মনে করেন, সাধারণ মানুষেরও তৎপর থাকা উচিত ছিল । এত বড় অনুষ্ঠানে যারা সামিল হচ্ছেন, তাঁদের আচরণবিধি কেমন হওয়া উচিত সেই বিষয়ে যথেষ্ট সতর্কতা ছিল না । সব দায় সরকারের হয়ে পারে না । যেসব মানুষজন ওখানে গিয়েছেন, তাঁদেরও একটা দায় আছে । কী করে আত্মরক্ষা করতে হবে, কী করে সঙ্গীদের সুস্থ রাখবেন, তা সকলের জানা উচিত ।

