ETV Bharat / state

অনুভবের পছন্দ শার্লক হোমস, দিল্লিতে নিটের প্রস্তুতিতে ব্যস্ত মাধ্য়মিকের দ্বিতীয়

নিজের ইচ্ছেপূরণে এখন থেকেই দিল্লিতে নিটের প্রস্তুতি নিচ্ছে অনুভব ৷ প্রিয় খেলোয়াড় স্টিভেন স্মিথ ৷ তার ভালো লাগে মস বন্ডের গোয়েন্দা গল্প পড়তে ৷

MADHYAMIK RESULT 2025
দিল্লিতে নিটের প্রস্তুতিতে মাধ্য়মিকের দ্বিতীয় অনুভব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 12:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 2 মে: বাবা বেসরকারি কর্মী, মা বাড়ির কাজকর্ম করেন ৷ কর্মসূত্রে বাবা থাকেন দিল্লিতে ৷ তাই পড়াশোনা থেকে শুরু করে সবকিছু মাকেই সামলাতে হয়েছে ৷ মায়ের ছত্রছায়ায় থাকা সেই অনুভব এবার মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হয়েছে ৷ বড় হয়ে চিকিৎসকের স্বপ্ন দেখা ছেলেটি এখন দিল্লিতে বাবার কাছে রয়েছে ৷ নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এখন থেকেই অনুভব বিশ্বাস একলব্য হয়ে উঠতে চায় ৷ দিল্লি থেকেই ইটিভি ভারতের সঙ্গে ফোনে নিজের সাফল্য ভাগ করে নিয়েছে সে ৷

অনুভব বলে, "খুব ভালো লাগছে ৷ আমার আশা ছিল, মাধ্যমিকের মেধাতালিকায় থাকব ৷ তবে এর জন্য ভাগ্যেরও কিছু ব্যাপার রয়েছে ৷ আমার খাতা কার কাছে যাবে, তিনি কীভাবে মূল্যায়ন করবেন ইত্যাদি ৷ আমাদের রামকৃষ্ণ মিশনে শুধু একটি টেস্ট পরীক্ষা হয় না ৷ আরও অনেক স্পেশাল টেস্ট পরীক্ষা নেওয়া হয় ৷ পড়াশোনায় আমার কোনও নির্দিষ্ট রুটিন ছিল না ৷ সবসময় বই নিয়ে বসেও থাকতাম না ৷ এখনও মার্কশিট দেখতে পাইনি ৷ মার্কশিট দেখতে পেলে কোন বিষয়ে কত নম্বর পেয়েছি জানতে পারতাম ৷"

দিল্লিতে নিটের প্রস্তুতিতে ব্যস্ত মাধ্য়মিকের দ্বিতীয় (ইটিভি ভারত)

তার আরও সংযোজন, "তবে প্রতিটি বিষয়ের জন্যই আমার গৃহশিক্ষক ছিলেন ৷ গান-বাজনা কিংবা অন্য কোনও খেলার নেশা আমার নেই ৷ সোশাল মিডিয়াও খুব একটা টানে না ৷ তবে শার্লক হোমসের গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে ৷ স্টিভেন স্মিথ আমার প্রিয় খেলোয়াড় ৷ ভালো মানের ডাক্তার হওয়া আমার স্বপ্ন ৷ সেই স্বপ্নপূরণের লক্ষ্যে আমি ইতিমধ্যে নিট-এর কোচিং শুরু করেছি ৷ এখন দিল্লিতেই রয়েছি ৷"

মালদা শহরের মহেশমাটির বাসিন্দা অনুভবরা ৷ অনুভবের বাবা অরূপকুমার বিশ্বাস বলেন, "খুবই ভালো লাগছে ৷ ছেলে যা করেছে তার পিছনে ওর মায়েরই অবদান ৷ আর অবদান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষের ৷ ছেলে ডাক্তার হতে চায় ৷ তবে আমরা ওর উপর কোনও জোরাজুরি করিনি ৷ ওর মন যা চায় সেটা নিয়েই পড়াশোনা করুক ৷"

ছেলের সাফল্যে আবেগে গলা কেঁপে যাচ্ছিল মা রিমাদেবীর ৷ তাঁর কথা, "আমার ভীষণ আনন্দ হচ্ছে ৷ তবে ও প্রচুর পরিশ্রম করেছে ৷ আমি শুধু ওর পাশে থেকেছি ৷ আমি চাই, আগামীতেও ও ভীষণ পরিশ্রম করুক ৷ আরও সাফল্য আসুক ওর জীবনে ৷ চিরকাল পড়াশোনাকে ভালোবেসে পড়েছে ৷" উল্লেখ্য, মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাসের মাধ্যমিকের প্রাপ্ত নম্বর 394 ৷ এই দ্বিতীয় স্থানের তালিকায় আরও একজন রয়েছে অনুভবের সঙ্গে ৷ সে বাঁকুড়ার সৌম্য পাল ৷

মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ বলেন, "এবারের মাধ্যমিকে আমাদের স্কুলের তিন ছাত্র মেধাতালিকায় স্থান পেয়েছে ৷ অনুভব দ্বিতীয় হয়েছে ৷ অষ্টম স্থান পেয়েছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা ৷ আমাদের স্কুল থেকে এবার মোট 137 জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ৷"

মাধ্যমিকে বাড়ল পাশের হার, প্রথম দশে 66 জন; মেধাতালিকার শীর্ষে অদ্রিত