ETV Bharat / state

বেড়েছে যানজট-পরিবহণ খরচ, কবি সুভাষে মেট্রো বন্ধ হওয়ায় প্রবল ফাঁপড়ে স্থানীয়রা

যানজটের সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলে ৷ মেট্রো চালু না-হওয়া পর্যন্ত বাস পরিষেবা চালু করার দাবি ৷

METRO SUSPENDED AT KAVI SUBHASH
কবি সুভাষ মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ থাকার বিজ্ঞপ্তি ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 3:36 PM IST

5 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 অগস্ট: জুলাই মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলার বসে গিয়েছে ৷ যার জেরে স্টেশনের অনেকটা অংশই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তাই যাত্রী নিরাপত্তার খাতিরে প্রায় একবছরের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কোনও ট্রেন চলবে না ৷ কিন্তু, যে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত, তাঁরাই এখন সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন ৷ বিশেষত, কবি সুভাষ অর্থাৎ, নিউ গড়িয়া ও তার আশেপাশের বাসিন্দারা ৷

কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার মানুষজন, তা জানতে পৌঁছে গিয়েছিল ইটিভি ভারত ৷ উল্লেখ্য, নিউ গড়িয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হওয়ার আগে এখানে জনবসতি খুব একটা ছিল না ৷ বাইপাস সংলগ্ন বাঘাযতীন এলাকা বাদ দিলে বর্তমান কবি সুভাষ মেট্রো স্টেশনের আশেপাশে কার্যত জলাজমি ছিল ৷ মেট্রো প্রকল্প শুরু হওয়ার পরেই, সেখানে জনবসতি বাড়তে শুরু করে ৷ একের পর এক বহুতল গড়ে ওঠে মেট্রোকে কেন্দ্র করে ৷

কবি সুভাষে পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তি স্থানীয়দের ৷ (ইটিভি ভারত)

আর তারই সঙ্গে গড়ে ওঠে জীবিকা ৷ দোকানপাট, বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলে ওই এলাকায় ৷ মেট্রো ও রেল স্টেশনকে কেন্দ্র করে চালু হয় অটো পরিষেবা ৷ কিন্তু, বিপর্যয়ের জেরে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হতেই, নিউ গড়িয়া এলাকার জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে ৷ মেট্রোকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা যেমন মার খাচ্ছে, তেমনই পরিবহণ ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি হয়েছে ৷

METRO SUSPENDED AT KAVI SUBHASH
জনশূন্য কবি সুভাষ মেট্রো স্টেশন ৷ (নিজস্ব ছবি)

স্থানীয়রা অভিযোগ করছেন, মেট্রো বন্ধ হওয়ায় তাঁদের অফিস-কাছারি বা অন্যান্য গন্তব্যে পৌঁছতে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ আগে অটো-টোটো দাঁড়িয়ে থাকত ৷ কিন্তু, যাত্রী সংখ্যা সেই তুলনায় খুবই কম ছিল ৷ মেট্রো বন্ধ হওয়ায় অটো-টোটোর উপরও চাপ বেড়েছে ৷ নিত্যযাত্রীদের অটোর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ ৷

METRO SUSPENDED AT KAVI SUBHASH
গড়িয়া স্টেশন এলাকায় অটোর লাইনে ভিড় ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা চলছে ৷ সেখানে পৌঁছতে আগে অটোয় সময় লাগত 5-10 মিনিট ৷ কিন্তু, যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাস্তায় যানজট বেড়েছে ৷ ফলে যাত্রীদের নামিয়ে ফের স্ট্যান্ডে অটো-টোটো পৌঁছতে সময় লাগছে ৷ আর তার ফলে দীর্ঘ লাইন পড়ছে ৷

বিশেষ করে সমস্যায় পড়ছেন অফিস যাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়ারা ৷ সকালের ব্যস্ত সময়ে নিউ গড়িয়া থেকে ঢালাই ব্রিজ (সড়কপথে শহিদ ক্ষুদিরাম মেট্রোর স্টপেজ) যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে ৷ 10 মিনিটের রাস্তা যেতে প্রায় 40-45 মিনিট সময় লাগছে বলে অভিযোগ ৷ আর তার জেরে সময়ে অফিস পৌঁছনো দায় হয়ে পড়েছে মানুষজনের ৷

Metro Suspended at Kavi Subhash
কবি সুভাষ মেট্রো স্টেশনে চলছে ভাঙার কাজ ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে নিউ গড়িয়া এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি বলেন, "আমি যেখানে থাকি সেখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন আসতে মাত্র 10 মিনিট সময় লাগে ৷ কিন্তু, এখন কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় ঘুরপথে আগে গড়িয়া স্টেশন যেতে হচ্ছে ৷ তারপর সেখান থেকে অটোয় শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসছি মেট্রো ধরার জন্য ৷ তার উপর অনেকটা সময় লেগে যাচ্ছে যানজটের কারণে ৷ তাই সময়ের মধ্যে অফিসে পৌঁছানোর জন্য, এখন এক ঘণ্টা আগে বাড়ি থেকে বের হতে হচ্ছে ৷"

শুধু সময় নয়, পরিবহণ খরচও অনেকটাই বেড়েছে লোকজনের ৷ বাড়তি অটো ভাড়া গুনতে হচ্ছে সেখানকার মানুষজনকে ৷ তার উপর কিছু-কিছু ক্ষেত্রে অটো, টোটো ও রিকশা চালকরা বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ উঠেছে ৷

Metro Suspended at Kavi Subhash
অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার বিজ্ঞপ্তি কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ (নিজস্ব ছবি)

ফলে নিউ গড়িয়া এলাকার বাসিন্দাদের প্রশ্ন, সবে মাত্র এক সপ্তাহ পেরিয়েছে ৷ বাকি প্রায় একবছর কীভাবে চলবে তাঁদের ৷ তাই এর সমাধান স্বরূপ নিউ গড়িয়া ও গড়িয়া রেল স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম ও কবি নজরুল মেট্রো স্টেশনে যাওয়ার বাস চালুর দাবি তুলেছেন স্থানীয়রা ৷ তবে, অটো ভাড়া বৃদ্ধির অভিযোগ অস্বীকার করছেন অটো চালকরা ৷ তাঁদের কথায়, "ঢালাই ব্রিজ পর্যন্ত যাওয়ার রাস্তায় এখন অনেক যানজট হচ্ছে ৷ বিশেষ করে স্কুল ও অফিস টাইমে ৷ ফলে যাত্রীদের অনেকক্ষণ স্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে ৷ কিন্তু, ভাড়া একই আছে ৷ কোনও ভাড়া বৃদ্ধি হয়নি ৷"

তবে, এই পরিস্থিতি কি এড়ানো যেত না ? সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ ৷ তাঁদের দাবি, কবি সুভাষ মেট্রো স্টেশনের গঠনে শুরু থেকেই সমস্যা ছিল ৷ প্ল্যাটফর্ম শুরু থেকেই অসমান ছিল ৷ এমনকি পিলার আগেই বসে গেছিল ৷ তাহলে কেন, তা আগে থেকে সংস্কার করা হল না ? তাহলে ভোগান্তি অনেকটা কম হতো বলেই মত স্থানীয়দের ৷

উল্লেখ্য, কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনটি তৈরির সময় নিয়মের মধ্যে থেকে এবং ইঞ্জিনিয়ারিংয়ে সমস্ত বিষয়গুলি মেনেই কাজ শেষ করা হয়েছিল ৷ যদিও, চারটি পিলারের প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে, স্টেশনের প্ল্যাটফর্ম এবং শেড সংস্কার করতে হবে ৷ এই কাজের জন্য একটি ই-টেন্ডার ডাকা হয়েছে ৷ বর্তমানে স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ চলছে ৷