ETV Bharat / state

নো এন্ট্রি করে টাকা তুলছে পুলিশ ! পথ অবরোধ করে বিক্ষোভ শান্তিনিকেতনে

পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৷ সমস্যা সমাধানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷ কী হল শান্তিনিকেতনে ?

Bolpur News
পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 10:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 23 মার্চ: রাস্তায় নো এন্ট্রি করে দিয়ে দেদার টাকা তুলছে শান্তিনিকেতন থানার পুলিশ ৷ এই অভিযোগে শ্রীনিকেতন রাস্তা অবরোধ করে রবিবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷

অভিযোগ, নো এন্ট্রি করে দিয়ে লরি, ডাম্পার থেকে টাকা তোলায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের ৷ স্কুলে যাওয়ার সময় জ্যামের সৃষ্টি হচ্ছে ৷ তাই সরাসরি পুলিশের বিরুদ্ধে সোচ্চার হতে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ এই প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, "আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷"

পুলিশের টাকা তোলার বিষয়ে স্থানীয়দের বক্তব্য (ইটিভি ভারত)
সিউড়ি থেকে বর্ধমান ও ইলামবাজার থেকে বোলপুর আসার রাস্তা দুটি মিলিত হয় শ্রীনিকেতন মোড়ে ৷ এই রাস্তা দিয়ে একাধিক বড় গাড়ি যায় । তবে এই মোড়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নো এন্ট্রি থাকে ৷ অর্থাৎ, বড় গাড়ি চলাচল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে ৷ অভিযোগ, শান্তিনিকেতন থানার পুলিশ নো এন্ট্রির নামে দেদার টাকা তোলে । পুলিশকে টাকা দিলেই মেলে নো এন্ট্রিতে এন্ট্রি নেওয়ার ছাড়পত্র । এই অভিযোগে এদিন দুপুর থেকে শ্রীনিকেতন চৌরাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷

বিক্ষোভকারীদের বক্তব্য, হয় সম্পূর্ণ নো এন্ট্রি থাকুক ৷ তা না হলে নো এন্ট্রি তুলে দেওয়া হোক ৷ নো এন্ট্রির নামে লরি, ট্রাক, ডাম্পার দাঁড় করিয়ে টাকা তোলায় যানজটের সৃষ্টি হয় ৷ এর ফলে সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষজনকে ৷ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়াদের ৷ স্কুল যাওয়া ও আসার সময় বড় গাড়ির যানজটের আটকে থাকতে হয় তাদের ৷

এদিন বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । যানজটের সৃষ্টি হয় ৷ বোলপুরের সিআই-এর নেতৃত্বে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ৷

বিক্ষোভকারীদের মধ্যে ইসমাইল মল্লিক ও শেখ আলমগীররা বলেন, "রাজ্যে সব জায়গায় সব কিছু ঠিক আছে । শুধু আমাদের এখানে পুলিশ দুর্নীতি করছে । শান্তিনিকেতন থানার ওসি ম্যাডাম টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছেন । নো এন্ট্রি থাকলে থাকুক, না হলে তুলে দিক ৷ আমাদের খুব সমস্যা হয় ৷ দীর্ঘদিন ধরে নাকাল হয়ে আজ পথে নেমেছি ৷ সিভিক পুলিশও টাকা তোলে ডাম্পার দাঁড় করিয়ে ।"

প্রসঙ্গত, এর আগেও শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল ৷ থানা এলাকায় রমরমিয়ে বেআইনি পোস্ত চাষ, বেআইনি পেট্রোল পাম্প, কোপাই নদী থেকে বালি, পাড় কেটে মাটি লুঠ করার অভিযোগ বহু ৷ যা নিয়ে সরব হয়েছিলেন অনেকেই ৷