প্রকাশিত মাধ্যমিকের ফলাফল: মেধা তালিকার প্রথম দশে কলকাতার একজন

Published : May 2, 2025 at 9:05 AM IST
|Updated : May 2, 2025 at 10:28 AM IST
শুক্রবার 2 মে, প্রকাশিত হল 2025-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদের তরফে সকাল 9টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা শুরু হয়। সকাল 9টা 45 মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ থেকে তাদের পরীক্ষার ফলাফল জেনে নিতে পারবে। সকাল 10টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত 10 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারির 22 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের 70 দিনের মাথায় আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
LIVE FEED
মাধ্যমিকের এবারের পাশের হার সর্বকালের সেরা
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, গত বারের তুলনায় এ বছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ, যা মাধ্যমিকের এ যাবৎ ফলাফলের নিরিখে সর্বকালের সেরা।
মেধা তালিকার প্রথম দশে কলকাতার একজন
মেধাতালিকার প্রথম দশে রয়েছে মোট 66 জন। এই প্রথম দশের মধ্যে কলকাতা থেকে রয়েছে একজন। কলকাতার প্রথম, অবন্তিকা রায় 688 নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। অবন্তিকা বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী।
মাধ্যমিকের ফলাফলে পঞ্চম স্থানে চার জন
এ বছর মাধ্যমিকের ফলাফলে পঞ্চম স্থানে রয়েছে চার জন। এদের মধ্যে হুগলি থেকেই রয়েছে দীপ্তজিৎ ঘোষ, সিঞ্চন নন্দী এবং মহম্মদ আসিফ । এছাড়া দক্ষিণ 24 পরগনা থেকে সোমতীর্থ করণও মেধা তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। এই চার জনের প্রাপ্ত নম্বর 691।
মাধ্যমিকের চতুর্থ স্থানেও দু’জন
এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চতুর্থ স্থানে রয়েছে দু’জন, পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্না ৷ এই দু’জনের প্রাপ্ত নম্বর 692।
পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পাশের হারে প্রথম জেলা পূর্ব মেদিনীপুর ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা ও চতুর্থ রয়েছে পশ্চিম মেদিনীপুর ৷ এবছর মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি ৷
কলকাতা থেকে প্রথম হয়েছে অবন্তিকা রায়
এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কলকাতা থেকে প্রথম হয়েছে অবন্তিকা রায় ৷ অবন্তিকার প্রাপ্ত নম্বর 688৷ মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থানে রয়েছে অবন্তিকা ৷
মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় বাঁকুড়ার ঈশানি
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবার তৃতীয় হয়েছে বাঁকুড়ার ঈশানি চক্রবর্তী ৷ ঈশানির প্রাপ্ত নম্বর 693৷
বেড়েছে মাধ্যমিক পরীক্ষার পাশের হার
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, গত বারের তুলনায় এ বছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার 86.56 শতাংশ, যা গতবার 86.31 শতাংশ ছিল।
মাধ্যমিকে দ্বিতীয় স্থানে 2 জন
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এবার দ্বিতীয় স্থানে আছে দু’জন, মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (প্রাপ্ত নম্বর 694) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল (প্রাপ্ত নম্বর 694)।
মাধ্যমিক পরীক্ষায় প্রথম রায়গঞ্জের অদৃত সরকার
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বছর মাধ্যমে প্রথম দশে আছে 66 জন। এর মধ্যে প্রথম হয়েছে রায়গঞ্জের অদৃত সরকার। অদৃতের প্রাপ্ত নম্বর 696 (99.43 শতাংশ)।
মেধা তালিকায় মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা কম
এবারের মেধা তালিকায় মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা কম৷ প্রথম দশে জায়গা করে নিয়েছে 66 জন৷
সকলকে ধন্যবাদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের
মাধ্যমিকের ফল ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের ৷ সকলকে ধন্যবাদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের ৷ 10 ফ্রেবুয়ারি পরীক্ষা শুরু ৷ পরীক্ষা শেষের 70 দিনের মাথায় ফলপ্রকাশ ৷
70 দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
আজ মাধ্য়মিকের ফল প্রকাশিত হচ্ছে৷ আজই মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা ৷ এবারের পরীক্ষার্থীর সংখ্যা 9,84,979 যা গতবারের তুলনায় 56828 বেশি৷

