ভালো লেগেছে হাসিনারও, কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি যাচ্ছে বাংলাদেশে
বাংলাদেশের নাগরিক নিঝুম মজুমদার মূর্তিটির বায়না দিয়েছেন রানা মল্লিকের কাছে ৷ সন্তানদের বাংলাদেশের জাতির পিতাকে চেনাতেই এই আবক্ষ মূর্তি তৈরি করাচ্ছেন নিঝুম ৷

Published : August 1, 2025 at 3:24 PM IST
কৃষ্ণনগর, 1 অগস্ট: বাংলাদেশের কোটা আন্দোলনের সময় সেদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালাকার মূর্তি ভেঙে দিয়েছিলেন আন্দোলনকারীরা ৷ বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটিয়ে দিতে চেয়েছিলেন একাংশ আন্দোলনকারী ৷ তবে, সেই বাংলাদেশেরই একটি বাড়িতে স্থান পেতে চলেছে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি ৷ আর সেটি তৈরি হচ্ছে এপার বাংলায় ৷
নদিয়ার কৃষ্ণনগরের ভাস্কর রানা মল্লিক ৷ তাঁর স্টুডিয়োতেই প্রায় শেষের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আবক্ষ মূর্তি ৷ আগামী তিন-চারদিনের মধ্যে সেই মূর্তি বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে ৷ সেখানকার এক নাগরিক নিঝুম মজুমদার এই মূর্তির বায়না দিয়েছেন রানা মল্লিকের কাছে ৷ নিজের সন্তানদের বাংলাদেশের স্রষ্টা তথা জাতির পিতাকে চেনাতেই এই আবক্ষ মূর্তি তিনি নিজের বাড়িতে স্থাপন করবেন ৷ নিজের সোশাল মিডিয়া পেজে সেকথা জানিয়েছেন নিঝুম ৷
উল্লেখ্য, কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা শিল্পী রানা মল্লিকের স্টুডিয়ো রয়েছে ৷ সেখানেই মাটি দিয়ে নানান ধরনের মূর্তি তৈরি করেন তিনি ৷ কৃষ্ণনগর পুরভবনের বাইরে প্রতিষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি তিনিই তৈরি করেছেন ৷ পাশাপাশি, বাংলাদেশ থেকে অনেক মূর্তির অর্ডার আসে তাঁর কাছে ৷

রানা মল্লিক বলেন, "আমি এই মূর্তিটার অর্ডার অনিন্দিতা ম্যাডামের থেকে পেয়েছি ৷ তিনি বাংলাদেশের অনেক কাজের সঙ্গে যুক্ত থাকেন ৷ সেই সূত্রে তাঁর মাধ্যমে এই মূর্তির অর্ডার পেয়েছি ৷ এই মূর্তি স্বয়ং শেখ হাসিনা নিজে দেখেছেন এবং তাঁর ভালো লেগেছে ৷ তাঁর অনুমতি নিয়েই পুরো কাজটা শেষ করেছি ৷ আগামী 3-4 দিনের মধ্যে এটা বাংলাদেশে চলে যাবে ৷"
উল্লেখ্য, গত বছর এই অগস্ট মাসের পাঁচ তারিখ ঢাকার বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাবয়ব মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয় কোটা আন্দোলনের সময় ৷ ওইদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা ৷ এ বছর সেই অগস্ট মাসেই বাংলাদেশের একটি কোণে-একটি বাড়িতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে ৷

